'উন্নয়নের পথে এগোতে সৃষ্টিশীলতা ও প্রযুক্তিকে সমন্বয় করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, এখন সময় এসেছে দেশকে এগিয়ে নেওয়ার। ঐক্যবদ্ধভাবে কাজ করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। উন্নয়নের পথে এগোতে সৃষ্টিশীলতা ও প্রযুক্তিকে সমন্বয় করতে হবে। কারণ আইটি ছাড়া আগামী দিনগুলো কল্পনাও করা যাবে না।
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত মঙ্গলবার নগরের একটি হোটেল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইয়াফেস ওসমান আরও বলেন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, বঙ্গবন্ধু–কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ। ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার সম্মিলিত প্রচেষ্টায় আলোকিত বাংলাদেশ গড়ব এটাই আমাদের প্রত্যাশা।’
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের উপদেষ্টা আহমদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহ–উপাচার্য এম আলী আশরাফ, বিজ্ঞান অনুষদের ডিন শরীফুজ্জামান প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল মোস্তফা বলেন, সঠিক শিক্ষা ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার সমৃদ্ধ করে শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। শিক্ষিতরাই বিনির্মাণ করবে স্বপ্নের বাংলাদেশ এ প্রত্যাশায় তাকিয়ে আছে দেশের মানুষ।
আলোচনার পর আমন্ত্রিত অতিথিরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রকাশনা ম্যাগাজিন গ্রেডস-২০১৬–এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।