'উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত করা দরকার'
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ বলেছেন, একটি দেশে সুশাসন ও মানবাধিকার নিশ্চিত করতে হলে অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এর চর্চা শুরু করতে হবে পরিবার থেকেই।
আনোয়ারা উপজেলায় অর্গানাইজেশন ফর উইমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (ওডেব) আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন। ১২ থেকে ১৭ নভেম্বর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের অংশগ্রহণে সুশাসন, মানবাধিকার, জেন্ডার উন্নয়নবিষয়ক কর্মশালায় বক্তারা এসব বলেন। আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত করা দরকার। নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জন কঠিন হবে।
ওডবের প্রধান নির্বাহী শ্যামলী মজুমদারের নির্দেশনায় প্রশিক্ষণ কার্যক্রম সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা লাবণ্য মুৎসুদ্দী, প্রশিক্ষণ কর্মকর্তা আঁখি আক্তার ও আঞ্চলিক কর্মকর্তা মাহমুদুল হক।