'উল্টোপথে যাওয়ার সময় মনে হয়, লাইফ ইজ আসলেই বিউটিফুল!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষ্ঠার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আনা-নেওয়ার কাজ করেন তিনি। ঢাকার রাস্তায় হামেশাই আপনার চোখে পড়বে। গায়ের রং টকটকে লাল। রাস্তার অন্য বাসগুলো থেকে গড়নেও আলাদা। তবে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য তা হলো, উল্টোপথে চলার দুর্বার সাহস আর নিয়ম ভাঙার অতুলনীয় উদ্যম! তিনি চলেন নিজের খেয়ালখুশিমতো। এমনই এক বিশেষ লাল বাসের মুখোমুখি হয়েছিল রস+আলো। একান্ত আলাপচারিতায় ব্যক্তিগত জীবনের অনেক সুখ-দুঃখের অজানা কথা উঠে এসেছে। সঙ্গে ছিলেন সেই লাল বাসেরই একজন নিয়মিত যাত্রী শরীফ মজুমদার

 রস+আলো: কেমন আছেন?

লাল বাস: আছি, ভালোই আছি। তবে একটু টায়ার্ড। দেখছেন তো, ট্রিপ শেষ করে মাত্রই ডিপোতে এসেছি।

র.আ.: সে কি! আপনার ট্রিপ না আরও আগে শেষ হওয়ার কথা?

লা.বা.: সেই কপাল কি আর আছে রে ভাই! ডিউটি শেষে ড্রাইভার আর হেল্পার মিলে ওভারটাইম করায়। মাঝেমধ্যে রাগ হয় খুব। ইঞ্জিন হট হয়ে যায়। কিন্তু কী আর করা, কপালের লিখন।

র.আ.: রং আর গড়নের দিক থেকে আপনি রাস্তার অন্যান্য বাসের চেয়ে আলাদা। আর উচ্চতার ব্যাপার তো আছেই। তা ছাড়া দেশের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষার্থীদের আনা-নেওয়া করেন, নিজের এই ভিন্নতাগুলো কীভাবে দেখেন?

লা.বা.: এক-আধটু গর্ব তো হয়ই। তবে ওই যে বললেন, দেশের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষার্থীদের আনা-নেওয়ার বিষয়টা, এটাই আমার কাছে সবচেয়ে গর্বের ব্যাপার। নইলে আমার মতো সেম সেম তো আরও অনেকেই আছে।

র.আ.: আপনাকে নিয়ে বিতর্কও কিন্তু কম নেই। প্রায়ই উল্টো পথে চলেন বলে পত্রিকার পাতায় আপনার ছবি আসে। এটা নিয়ে কী বলবেন?

লা.বা.: (মুচকি হেসে) আমি জানতাম, এই প্রশ্ন আসবেই। দেখুন, এই দেশে অনেক কিছুর অভাব থাকলেও বিতর্ক কিংবা সমালোচনা করার মতো মানুষের অভাব নেই। এরা আছেই এই তালে। আরে এক-আধটু উল্টোপথে গেলে কী এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায়! আপনারাই তো বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের কান্ডারি। তো এই যে আগামী দিনে যারা দেশ চালাবে, তাদের কি উল্টাপাল্টা সব পথ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত নয়? আপনি সারাটা দিন সোজা পথে চলে উল্টোপথের অভিজ্ঞতা অর্জন করবেন কোথা থেকে? ইউ হ্যাভ টু বি প্রাকটিক্যাল। আরেকটা কথা, সেই ছোট্টবেলা থেকে আপনারা তাদের সময়ের মূল্য সম্পর্কে কত কী শেখান। অথচ...

র.আ.: কিন্তু এটা তো নিয়মবহির্ভূ...।

লা.বা.: লেট মি ফিনিশ! অথচ খানিকটা টাইম সেভ করার জন্য যখন উল্টোপথে যায়, তখনই আবার আঙুল তোলেন, এটা কি হিপোক্রেসি নয়?

র.আ.: আপনার যুক্তি মানছি। কিন্তু এটাও তো আপনাকে মানতে হবে যে এটা নিয়মবহির্ভূত!

লা.বা.: এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।

র.আ.: একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি। আপনার জীবনে কোনো গভীর দুঃখবোধ কি আছে?

লা.বা.: জীবনে যা পেয়েছি, তাতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তবে কিছু কিছু ব্যাপারে মাঝেমধ্যে খুবই হতাশ লাগে। গায়ে সরকারি বাসের ট্যাগ থাকলেও সরকার আমাদের প্রতি অতটা দায়িত্বশীল নয়। এই যে কল্যাণপুর ডরমিটরির (বিআরটিসি বাস ডিপো) অবস্থা দেখুন। একসঙ্গে গাদাগাদি করে কতজনকে রাখা হয়েছে। উপযুক্ত চিকিৎসাসেবাও নেই। এখানে যারা আছে, তাদের বেশির ভাগেরই গায়ের ছাল-বাকল উঠে গেছে। অনেকের ইঞ্জিনে সমস্যা, কোনোমতে ধুঁকে ধুঁকে চলছে। অনেক সময় তো রাস্তায়ই অজ্ঞান হয়ে যায়। নিজের কষ্ট তো আছেই, সঙ্গে ছাত্রছাত্রীদের গালাগাল, বকাঝকা। দেখার যেন কেউই নেই। তো এ ব্যাপারগুলো আপনাকে হতাশ করবেই।

র.আ.: আপনার জীবনের কোনো স্মরণীয় ঘটনা কি বলবেন?

লা.বা.: কত কত ঘটনাই তো আছে। তবে হ্যাঁ, একদিনের কথা খুব মনে পড়ে। বৃহস্পতিবার ছিল। রাস্তায় মনে করেন আপনার উথালপাতাল জ্যাম। গাড়ি, গাড়ি আর গাড়ি। তো হঠাৎই সুযোগ বুঝে আমি উল্টো পথে ঢুকে পড়লাম। শাঁ শাঁ করে চলতেছি আর ওপাশের মানুষ সব হাঁ করে তাকায় আছে। মানে পুরাই সুপার স্টার সুপার স্টার লাগছিল নিজেকে। আমার ভেতরে থাকা এক ছাত্র তখন করল কি, আমাকে ট্যাগ করে ফেসবুকে স্ট্যাটাস দিল, ‘ফিলিং স্ট্রং উইথ লাল বাস!’ কী যে ভালো লেগেছিল তখন! ওই ঘটনার কথা মনে হলে এখনো ইমোশনাল হয়ে যাই।

র.আ.: চলতে চলতে কোন গান গুনগুন করেন?

লা.বা.: এই (উল্টো) পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো...?

র.আ.: প্রিয় মুভি?

লা.বা.: ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের সবগুলা। সেভেনটা তো সেই জোশ!

র.আ.: কারস-এর গুলো দেখেননি?

লা.বা.: দেখছি। ওইগুলা পানসে পানসে লাগে। পুওর সিনেমাটোগ্রাফি!

র.আ.: আপনার প্রিয় ব্যক্তিত্ব কে?

লা.বা.: বাংলামোটরে একবার এক উচ্চপদস্থ আমলাকে উল্টো পথে আসতে দেখেছিলাম। পুলিশ বাধা দেওয়ায় ঝাড়িটাড়ি দিয়ে চৌদ্দগুষ্টি উদ্ধার করে ছাড়লেন। তাঁর ‘কুছ পরোয়া নেহি’ টাইপ ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হলাম। এখনো উল্টো পথে চলার সময় তাঁকেই অনুপ্রেরণা মানি।

র.আ.: কোনো বাজে অভিজ্ঞতার কথা কি বলবেন?

লা.বা.: একটা নাস্টি এক্সপেরিয়েন্স প্রায়ই হয়। শেরাটন হোটেলের পাশে একটা ভিআইপি রোড আছে না, ওইটার মাথায় কিছু সাংবাদিক কামানের মতো ক্যামেরা তাক করে থাকে। পাপারাজ্জি যেন! উল্টো পথ দিয়ে যাওয়ার সময় আমার কত ছবি যে এরা তুলেছে। কাপুরুষ একেকটা। সাহস থাকলে সামনে এসে ছবি তোল। লুকিয়ে লুকিয়ে কেন? তা ছাড়া কী এমন উল্টায় ফেলছে ছবি তুলে!

র.আ.: কোন মুহূর্তটা প্রিয়?

লা.বা.: দ্যাট মোমেন্ট হোয়েন গেটে দাঁড়িয়ে পোলাপান হেঁড়ে গলায় গান গায়। সুরে-বেসুরে কত কত গান যে এরা গায়! খুবই ফুরফুরা মেজাজে থাকি তখন। আর একটা মুহূর্ত খুব এনজয় করি। উল্টোপথে যাওয়ার সময় যখন মানুষজন হাঁ করে তাকিয়ে থাকে। মনে হয়, লাইফ ইজ আসলেই বিউটিফুল!