'উস্তাদ' এখন চিড়িয়াখানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষখেকো হিসেবে চিহ্নিত হওয়ার পর উদয়পুরের চিড়িয়াখানায় আটকে রাখা হয়েছে উস্তাদ নামের বাঘটিকে। ছবি: বিবিসি
মানুষখেকো হিসেবে চিহ্নিত হওয়ার পর উদয়পুরের চিড়িয়াখানায় আটকে রাখা হয়েছে উস্তাদ নামের বাঘটিকে। ছবি: বিবিসি

আদালত ‘উস্তাদ’কে ছেড়ে দেওয়ার পক্ষে নয়। অন্ততপক্ষে তিনটি হত্যাকাণ্ডের সন্দেহভাজন খুনি হিসেবে তার নামই এসেছে। গত পাঁচ বছরে নিহত ওই তিনজনের দুজন তরুণ এবং একজন পঞ্চাশোর্ধ্ব বনরক্ষী। ফলে পশুপ্রেমী এক ব্যক্তির রিট আবেদন সত্ত্বেও পুনরায় সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়ার বদলে উস্তাদ নামের নয় বছর বয়সের বাঘটিকে বিশেষ ব্যবস্থায় একটি চিড়িয়াখানাতে আটকে রাখার পক্ষেই মত দিয়েছে আদালত।


এ মাসের ৮ তারিখে ভারতের রাজস্থানের রানথামবোড়ে ন্যাশনাল পার্কের ৫৩ বছর বয়সী এক বনরক্ষী বাঘের হাতে প্রাণ হারান। মানুষখেকো বাঘটিকে আটক করতে অভিযান চালায় বন বিভাগ। এরপর উস্তাদ নামের বাঘটিকে চেতনানাশক তির মেরে আটক করা হয়। বন বিভাগের কর্মকর্তারা বলেন, ২০১০ সালে ২৩ বছর বয়সী স্থানীয় এক তরুণ এবং ২০১২ সালের মার্চে ১৯ বছর বয়সী এক তরুণের মৃত্যুর জন্যও উস্তাদকেই প্রধান সন্দেহভাজন মনে করেন তাঁরা।

মানুষখেকো এই বাঘের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়। এদিকে, বাঘটিকে আটক করে উদয়পুর জেলার একটি চিড়িয়াখানায় হস্তান্তরের খবর পেয়ে এর বিরুদ্ধে রাজস্থানের আদালতে রিট করেন সংক্ষুব্ধ এক ব্যক্তি। রানথামবোড়ে ন্যাশনাল পার্কের নিয়মিত দর্শনার্থী চন্দ্রমুলেশ্বর শিং বাঘটিকে চিড়িয়াখানায় আটকে না রেখে পুনরায় সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দিতে আদালতে ওই রিট করেন। কিন্তু আদালত শেষ পর্যন্ত জনস্বার্থে বাঘটিকে বিশেষ ব্যবস্থায় আটকে রাখার পক্ষেই মত দেয়। এখন উদয়পুরের চিড়িয়াখানায় ফুটবল মাঠের চেয়েও ছোট একটা বিশেষ এলাকায় আটকে রাখা হয়েছে উস্তাদ নামের ওই মানুষখেকো বাঘটিকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের শুমারি অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা এখন ২ হাজার ২২৬টি। এই হিসাব অনুসারে বিশ্বের প্রায় ৭০ শতাংশ বাঘই রয়েছে ভারতের বনাঞ্চল ও সংরক্ষিত এলাকাগুলোতে। ভারতে প্রতি বছর গড়ে প্রায় ৬০জন মানুষ বাঘের হাতে প্রাণ হারায়।