'এ দেশে বারবার আসতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাসি শিল্পী এরওয়ান পেরোঁ l প্রথম অালো
ফরাসি শিল্পী এরওয়ান পেরোঁ l প্রথম অালো

বাংলাদেশে আসার আমন্ত্রণ পেয়েছিলেন আবাসিক শিল্পী হিসেবে। ২৪ নভেম্বর বিমানের টিকিটও কাটা ছিল। কিন্তু তার আগের সপ্তাহে ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলা হওয়ায় বিদেশ ভ্রমণে নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়। তার পরও নির্ধারিত সময়েই চট্টগ্রামে এলেন এরওয়ান পেরোঁ। এ দেশের অপূর্ব প্রকৃতি ও মানুষ তাঁর সব ভয় দূর করে দিয়েছে।
ঝুঁটি বাধা সোনালি চুল আর ছিপছিপে গড়নের পেরেঁা কথাবার্তায় বেশ লাজুক। ৮ ডিসেম্বর বিকেলে আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ঢুকতেই দেখা গেল নিবিষ্ট মনে কাজ করছেন। এখানে এসে কেমন লাগছে জানতে চাইলে বললেন, ‘মানুষজন খুব আন্তরিক। তবে সবার কাছে আমি ভিনদেশি হয়ে থাকতে চাইনি। তেমনটা হলে আমাকে কেউ আপন করে নিত না।’
প্লাস্টার অব প্যারিস দিয়ে পাহাড় আর সাগরের ফণা তোলা ঢেউয়ের দৃশ্য তৈরি করছিলেন তিনি। ভাস্কর্য আর পেইন্টিংয়ের সমন্বয়ে মিশ্র মাধ্যমে কাজ করতে পছন্দ করেন বলে জানালেন তিনি। বললেন, তাঁর নিজের শহর বেজসোঁর সঙ্গে নাকি চট্টগ্রামের দারুণ মিল।
সুইজারল্যান্ডের সীমান্ত ঘেরা ফ্রান্সের পাহাড়ি শহর বেজসোঁ শিল্প-সাহিত্যের তীর্থ স্থান হিসেবে পরিচিত। এই নগরেরই সুপেরিয়র ইনস্টিটিউট অব ফাইন আর্ট বেজসোঁ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন এরওয়ান পেরোঁ। আলিয়ঁস ফ্রঁসেজের আমন্ত্রণে আবাসিক শিল্পী হিসেবে রেসিডেন্সি প্রোগ্রামে চট্টগ্রামে আসা তাঁর। এর আগে গত জানুয়ারি মাসে বেজসোঁ শহরের আরেক শিল্পী ক্যামিলে আর্থেমিস মিলিয়ানও চট্টগ্রাম ঘুরে গেছেন। আর চট্টগ্রাম থেকে বেজসোঁর অতিথি হয়েছেন শিল্পী অপু ধর।
আড্ডা জমে ওঠে পেরোঁর সঙ্গে। বেজসোঁ আর চট্টগ্রামের শিল্পী বিনিময়ের প্রসঙ্গ আসে। পেরো বললেন, ‘চট্টগ্রাম থেকে কয়েক মাস আগে অপু ধর রেসিডেন্সি প্রোগ্রামে বেজসোঁ ঘুরে এসেছেন। এর আগে আমাদের শহরের ক্যামিলেও এখানে এসেছেন। শুনেছি এই বিনিময় চলতেই থাকবে।’ চট্টগ্রাম আর বেজসোঁর মধ্যে এভাবে একটি সেতুও তৈরি করছেন শিল্পীরা।
আটলান্টিকের তীরে ফ্রান্সের পশ্চিম উপকূলীয় ব্রিটনি এলাকায় জন্ম এরোয়ান পেরোঁর। কিশোর বয়সে সেখান থেকে চলে যান পাহাড়ি শহর বেজসোঁতে। এ কারণে পেরোর কাজে পাহাড় আর সমুদ্র ঘুরে ফিরে আসে। তবে তার অন্যতম ভাবনার বিষয় প্রকৃতি। প্রকৃতির ওপর মানুষের অযাচিত হস্তক্ষেপ পৃথিবীর সর্বনাশ ডেকে আনছে। গলছে বরফ, উষ্ণ হচ্ছে পৃথিবী। প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ ২১ এ এই বিষয়টি নিয়ে চট্টগ্রামের শিল্পী অপু ধরের সঙ্গে যৌথভাবে নির্মিত তাঁর একটি ভিডিও আর্ট প্রদর্শিত হয়। সে কথা জানিয়ে পেরোঁ বললেন, ‘আমরা শিল্পকে অভিজাত ব্যক্তিদের মাঝে সীমাবদ্ধ করে ফেলছি। কিন্তু পরিবেশ কিংবা মানুষের কথা বলতে হলে শিল্পকে সেই গণ্ডি থেকে বের করে আনতে হবে।’
১১ ডিসেম্বর বাংলাদেশ ছাড়া আগে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিল্পীদের নিয়ে কর্মশালা করেছেন পেরোঁ। এরপর এখানকার ১১ জন শিল্পীর সঙ্গে যৌথভাবে প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এর ফাঁকে গেছেন পতেঙ্গা, শিল্পকলাসহ শহরের বিভিন্ন জায়গায়। খেয়েছেন ইলিশ, বন মোরগ, ভাত আর নানা পদের তরকারি। তবে এর মধ্যে সব চেয়ে ভালো লেগেছে ফালুদা। আর মুগ্ধ হয়েছেন রবীন্দ্রসংগীত শুনে।
কথা বলতে বলতে বিকেলের রোদ গাঢ় সোনার রং নিয়ে গড়াগড়ি খাচ্ছিল বারান্দায়। সে দিকে তাকিয়ে পেরো বললেন, ‘দেশে ফিরে এসব খুব মিস করব। এ দেশে বারবারই আসতে হবে আমাকে।’