'এ শুধু গানের দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র, নজরুল, লালন সংগীত ছাড়াও ছিল জনপ্রিয় আধুনিক গান। সুরেলা সন্ধ্যায় ক্ষণে ক্ষণে ছড়ায় মুগ্ধতার আবেশ। মিলনায়তনভর্তি দর্শকেরা দুই ঘণ্টা বন্দী ছিলেন সুরের মায়াজালে। এমন উপলক্ষ এনে দেয় আনন্দ সাংস্কৃতিক অঙ্গন।

‘এ শুধু গানের দিন’ শিরোনামে ২৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আয়োজন করা হয় নিয়মিত আয়োজনের ১০১তম পর্ব। জনপ্রিয় ১৭টি গান নিয়ে সাজানো হয় আসর। গান করেন ১৭ জন শিল্পী।

শুরুতে তন্বী দত্তের কণ্ঠে রবীন্দ্রসংগীত—‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। গানের পর কাজী নজরুল ইসলামের ‘পূর্ণ-অভিনন্দন’ কবিতাটি আবৃত্তি করেন শিল্পী প্রবীর পাল। এবার সঞ্জয় বণিক গাইলেন ‘তোমার খোলা হাওয়া’। রবীন্দ্রনাথের পূজা পর্বের গানটিতে গলা মেলান দর্শকেরাও। এরপর আবার রবীন্দ্রসংগীত। ‘আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি’ গানটি পরিবেশন করেন নীল ময়ূরী চৌধুরী।

 রবীন্দ্রসংগীতের পর শুরু হয় নজরুল পর্ব। শুরুতে ‘মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল’। মো. সিরাজুল ইসলামের কণ্ঠে গানটি বেশ ভালো লাগে। এরপর নাদিরা পারভীন গাইলেন ‘যাবার বেলায় ফেলে যেও একটি খোঁপার ফুল’ ও শুভ্রা চৌধুরী করেন ‘পাপিয়া আজ কেন ডাকে সখি, পিয়া পিয়া’।

নজরুলের পর লালনসংগীত নিয়ে আসেন ইফতেখার আলম। তিনি গাইলেন ‘সময় গেলে সাধন হবে না’। ভাবের গানে মিলনায়তনভর্তি দর্শকেরা আচ্ছন্ন হয়ে পড়েন।

এই পরিবেশ হালকা হয় আধুনিক গানে। লিটন সেন শোনান ‘দিন যায় কথা থাকে’। আনন্দ চক্রবর্তী করেন ‘মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে’, অনামিকা তালুকদার গাইলেন ‘আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম’, রনিগুহ শোনান ‘এবার মলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব’ ও রনি দাশ গাইলেন ‘আমার পূজার ফুল, ভালোবাসা হয়ে গেছে’।

আধুনিক গানের পর আবার লালনসংগীত নিয়ে আসেন আল তুষি। গাইলেন ‘শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সাঁইর বারামখানা’। তার শ্রুতিমধুর কণ্ঠে মঞ্চ মাতিয়ে তোলেন। এ ছাড়া গান করেন ববি দাশ গুপ্তা, জনি বড়ুয়া, জাহেদ হোসেন ও জুয়েল পাল।

আয়োজনে তবলায় ছিলেন লিটন মিত্র, কিবোর্ডে সৃজন রায়, অক্টোপ্যাডে জুয়েল দাশ, গিটারে সজল সরকার ও রাজীব ঘোষ শিল্পীদের সহযোগিতা করেন।