‘এই দশকের মধ্যে ২০ লাখ আদিবাসী ছেলেমেয়েকে শিক্ষিত করতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার ছোটবেলার কথা বলুন আমার জন্ম ওডিশার কলেরাব্যাঙ্কে। এটি ছিল একদম অজপাড়াগাঁ। আমরা ছিলাম সাত ভাইবোন। আমি পঞ্চম সন্তান। বাবা গরিব ছিলেন। তার ওপর আবার ট্রেন দুর্ঘটনায় মারাও গেলেন। আমাদের অবস্থা খুব খারাপ হলো। সেটা ১৯৭০ সালের কথা। আমরা এত গরিব ছিলাম যে দুই দিনে এক বেলা খাবার পাওয়া মুশকিল ছিল। আমার মায়ের শাড়ি ছিল মাত্র একটা। মা ধান ভানতেন। আমি মাকে সাহায্য করতাম। ঋণের বোঝায়, দুঃখে, হতাশায় অনেকবার ঠিক করেছিলাম সুইসাইড করব। যা-ই হোক, অনেক কষ্টে কলেজে উঠলাম। টিউশনি করে খরচ চলত। উৎকল বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করলাম রসায়নে। তারপর ‘টিচিং জব’ মিলল। এই বেতন দিয়ে গোটা পরিবারের খরচ চালাতাম।কিট-এর শুরুটা কেমন ছিল?মাত্র পাঁচ হাজার টাকা (রুপি) পকেটে নিয়ে শুরু করেছিলাম কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, ১৯৯২ সালে। সেটি ছিল একটি ট্রেনিং ইনস্টিটিউট। শুরুতে ছাত্রসংখ্যা ছিল মোটে ১২। এখন কিট-এর ছাত্রসংখ্যা ১৭ হাজার। কিস-এর ১৫ হাজার। তখন মাত্র একটা ঘর ছিল আমাদের। এখন কিট আর কিস—সব মিলিয়ে ৫০৯ একর জায়গা। ছাত্র ছাড়াও কিট আর কিস মিলিয়ে আছে পাঁচ হাজার পাঁচ শ স্থায়ী অ্যাকাডেমিক স্টাফ। তিন হাজারের বেশি চুক্তিভিত্তিক কর্মী। সব মিলিয়ে প্রায় ৪০ হাজার মানুষ এখানে। আপনার আদর্শ কে?আমার মা আমার আদর্শ। মা বাদে অন্য কেউ নয়। আমার মা একটা কথা সব সময় বলতেন, ‘মুলি আর মূল কখনো পুড়বে না।’ মানে, কেউ যদি ভালো কাজ করে, তাহলে আজ না হয় কাল ফল সে পাবেই। মায়ের এই কথাটা আমি সব সময় মনে রেখেছি। আমার এখানে দেশ-বিদেশের বহু লোক অতিথি হয়ে এসেছেন। তাঁরা অবাক হয়েছেন। বলেছেন, ‘ড. সামন্ত, আপনি এত অসাধারণ কাজ করেছেন। আপনার তো আরও বড় আন্তর্জাতিক সম্মান পাওয়া উচিত।’ আমি মনে করি, পরিশ্রম কখনো বৃথা যায় না। আদিবাসী শিশুদের নিয়ে কাজ করার কথা কেন ভাবলেন?দেখুন, ওডিশা ভারতের দরিদ্র রাজ্য। এখানকার আদিবাসীরা অনেক গরিব। মনে সব সময় ইচ্ছে ছিল গরিবদের জন্য কিছু করব। কিন্তু কীভাবে সম্ভব? আমি সমাজের এমন একটা শাখা বেছে নিয়েছি, যাদের আমি উঠিয়ে আনতে পারব। একটা সময় ছিল যখন ঘুরে ঘুরে খুঁজে আনতে হতো আদিবাসী শিশুদের। এখন প্রতিবছর অন্তত ৫০ হাজার দরখাস্ত জমা পড়ে এখানে ভর্তি হওয়ার জন্য। ৬২টি আদিবাসীগোষ্ঠীর ছেলেমেয়েরা এখানে পড়ছে। এদের সবার কালচার-ল্যাঙ্গুয়েজ আলাদা। ওদেরই একটা অংশ আবার কিট-এ পড়ার সুযোগ পায়। পড়ালেখা শেষ করে আমাদের এখানেই আবার শিক্ষক হিসেবে যোগ দিয়েছে এমন অনেকে এখানে আছে। ছাত্রদের আপনি কোন কথাগুলো বেশি বলেন?ওদের বলি, আজকালকার যুগে ভালো মানুষ মেলা মুশকিল। তোমরা যদি ভালো মানুষ হয়ে বের হতে পারো, সেটি হবে আমার সবচেয়ে বড় সন্তুষ্টি। রাজনীতি থেকে আপনি দূরে থাকতে চান?রাজনীতি করেছি তো মরেছি। কোনো রাজনৈতিক দল থেকে সরাসরি সাহায্য আমি কোনোকালে নিইনি। আমি একজন সমাজসেবী, শিক্ষাবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, এটাই আমার বড় সন্তুষ্টি। কলিঙ্গ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স (কিস)-এর অর্থের ব্যবস্থা হয় কীভাবে?কিস-এর সবকিছু ফ্রি। কিন্তু কিট একটি পুরোপুরি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কিট থেকে বছরে প্রায় ৩০০ কোটি রুপি আয় হয়। সেখান থেকে আমরা ৫ শতাংশ ব্যয় করি কিস-এর জন্য। এ ছাড়া কিট-এর শিক্ষক ও অ্যাকাডেমিক স্টাফদের বেতনের ৩ শতাংশ চলে যায় কিস-এর তহবিলে। কিস-এর শিক্ষকদের বেতনের একটি অংশও খরচ হয় আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য। আপনার অবসর কাটে কীভাবে?(হাসি) আমার কোনো অবসর নেই। বড়জোর পত্রিকা পড়ি। ম্যাগাজিন পড়ি। দৈনিক ১৮ ঘণ্টা কাজ করি। চার থেকে পাঁচ ঘণ্টা ঘুমাই। কোনো ছুটি নিই না। সারাক্ষণ কোনো না কোনো কাজ লেগেই থাকে এখানে, সেগুলো ঘুরেফিরে দেখি। তবু বলব, এসব যা কিছু হয়েছে, সবই ঠাকুরের আশীর্বাদ। আমি শুধু একটা মাধ্যম।সামনে আপনার লক্ষ্য কী?আমি সমাজসেবায় লেগেছি। সমাজসেবা করতেই থাকব। এই দশকের মধ্যে ২০ লাখ আদিবাসী ছেলেমেয়েকে শিক্ষিত করতে চাই। এখানে বেশকিছু বাংলাদেশি ছেলেমেয়েও পড়ালেখা করছেকিট-এ প্রায় ৫০ জন বাংলাদেশি ছেলেমেয়ে পড়ালেখা করছে। বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর ছাত্রছাত্রীদের জন্য এখানে ৩০ শতাংশ কম খরচে পড়ার সুযোগ আছে। খুব শিগগির আমার বাংলাদেশে যাবার কথা।