‘এই দুইটা দিনই তো আমাদের দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ ডিসেম্বর। কুয়াশায় ঢাকা পথ পাড়ি দিয়ে সাভারে মানুষ। একজন নয়, দলে দলে। উত্সবের পরত শরীরে জড়িয়ে সবাই এসেছে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। সারিবদ্ধ অপেক্ষমাণ মানুষ। সৌধের সীমানার বাইরে থেকেই সেই সারি।ছোট্ট শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষের এ এক মহা মিলনমেলা। উত্সব রাঙিয়ে দিতে কেউ কেউ হাতে তুলে নিয়েছে রং-তুলি, কেউ নিয়ে এসেছে ছোট ছোট কাগজ বা প্লাস্টিকের পতাকা, মাথায় জড়ানোর ব্যান্ড। ব্যবসা নিশ্চয়ই, কিন্তু তাতে আছে দেশপ্রেমের স্পর্শ।গালে মানচিত্র কিংবা পতাকা আঁকা হচ্ছে। কেউ রাজি হলেই খুব অল্প টাকার লেনদেনেই এক একটি গালে মানচিত্র, এক একটি গালে পতাকা। লাল আর সবুজ ছড়িয়ে যাচ্ছে সর্বত্র।এরই মধ্যে মানিকের দেখা মেলে। হাতজুড়ে ব্যান্ড আর পতাকা। মুখে হাসি।মাইকে বাজছে গান, কেউ কেউ বক্তব্যও দিচ্ছেন। ফলে কথা বলতে হয় উঁচু গলায়।কেমন বিক্রি হচ্ছে?মোটামুটি। এই ব্যবসা কবে থেকে করেন?এইটা তো দুই দিনের ব্যবসা। ১৬ ডিসেম্বর আর ২৬ মার্চ। এই দুই দিনই ব্যান্ড আর পতাকা বেচি।দেশের বাড়ি কই?বিক্রমপুর।এখন থাকেন কোথায়?ঢাকায়। দোলাইখালে। ঢাকায়ই তো আমার জন্ম।এমনি কী করেন?দোলাইখালে লোহা কাটি।লোহা কাটেন?মানিক বোঝেন, লোহা কাটার বিষয়টি বুঝতে কষ্ট হচ্ছে। তাই ব্যাখ্যা দেন: পুরোনো জাহাজ থাকে না? সেই জাহাজের লোহা কাটি।কষ্ট হয় না?হয় তো।আপনার বয়স কত?২৬ বছর।বিয়া-শাদি তো করেননি। বউ-বাচ্চা তো নেই?অবশ্যই আছে।দিন কাটে কী করে?সকালে নাশতা খাই। কাজে আসি। দুপুরে-রাইতে বউ ভাত রান্ধে। খাই। বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিই।এই দুই দিন পতাকা বিক্রি করেন কেন?এই দুইটা দিনই তো আমাদের দিন। তাই আমার যা ভালো লাগে, তাই করি। অন্যদিন তো কাজের দিন। কষ্ট করার দিন। এই দুই দিন আনন্দের দিন।পতাকা, ব্যান্ড কেনেন কোথা থেকে?কিনমু ক্যান? বন্ধুরা মিলে বানাই।কত সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল জানেন?জানমু না ক্যান? কে না জানে? ১৯৭১ সালে। আজ মহান বিজয় দিবস।‘মহান বিজয় দিবস’ উচ্চারণ করার সময় মানিক যে আবেগে ভেসে যায়, তাতে ভাসতে ভাসতে আমারও মনে হয়, ১৯৭১ সাল শুধু পতাকা আর ব্যান্ড দিয়েই ও অনুভব করে না, এই অনুভূতি ওর রক্তস্রোতে পদ্মা-মেঘনা-যমুনার মতোই প্রবাহমান।