'এই বারিষাতও পানিত ভাইয়্যুম'
‘এহনো বাঁধ ঠিক ন অয়। বাঁধত মাডি নাই। এক ঝড়তই ভাইয়েরে লই যাইবগই ঘর-বাড়ি। এই বারিষাতও পানিত ভাইয়্যুম আঁরা। পোয়ান ছা লইয়েরে কী গইরজ্যম ন বুঝির।’ আনোয়ারার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা এলাকার বাসিন্দা আবদুল হাকিমের (৪৭) কণ্ঠে বর্ষার আতঙ্ক এভাবেই ফুটে উঠে। শুধু আবদুল হাকিম নন, উপজেলার রায়পুরের বাসিন্দাদের সবার মনেই একই আতঙ্ক ভর করেছে।
জানা গেছে, আনোয়ারায় গত বর্ষার সময় বঙ্গোপসাগর ও শঙ্খের তীরবর্তী এলাকাগুলো প্রবল ভাঙনের কবলে পড়ে। এর মধ্যে সগর উপকূলের রায়পুর ইউনিয়নের ভাঙন ছিল তীব্র। ওই সময় রায়পুরের বিভিন্ন স্থানের ছয় কিলোমিটারের বেশি বেড়িবাঁধ পানির তোড়ে ভেসে যায়। ফলে অরিক্ষত হয়ে পড়ে ঘাটকূল, বার আউলিয়া, ছিপাতলী ঘাট, দক্ষিণ গহিরা ও পূর্ব গহিরা।
সরেজমিনে দেখা গেছে, সিইউএফএল থেকে সাপমারা খালের মুখ পর্যন্ত ৩২ কিলোমিটার এলাকার মধ্যে ছয় কিলোমিটার বাঁধ ভাঙা। তার মধ্যে গলাকাটা ঘাট, ছিপাতলী ঘাট ও বার আউলিয়া এলাকায় বেড়িবাঁধে জরুরি ভিত্তিতে মাটি দিয়ে জিও ব্যাগ বসিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে তা বর্ষার সময় এক দিনের জোয়ারেই ভেসে যাবে বলে এলাকাবাসীর আশঙ্কা। এদিকে একইভাবে দক্ষিণ গহিরা-ঘাটকূল, সাপমারা খালের মুখ, পূর্ব জুঁইদণ্ডী ও গোদার গোদায় শঙ্খের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘর-বাড়ি ও ফসলি জমি। স্থানীয় লোকজন জানান, শুষ্ক মৌসুমে বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হয় না। বর্ষা এলে তড়িঘড়ি করে ছোটখাটো মেরামত করা হয় বাঁধে। এসব সংস্কার পানি তোড়ে টেকে না। ফলে দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে।
স্থানীয় সামাজিক সংগঠন বার আউলিয়া ফাউন্ডেশনের সভাপতি মো. মনছুর বলেন, ‘বর্ষা কাছে চলে এসেছে। অথচ আমরা এখনো অরক্ষিত। ভাঙা বাঁধ দেখে মনে হচ্ছে এসব দেখার কেউ নেই।’
রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইছমাইল বলেন, ‘এখনো ভাঙনকবলিত এলাকায় বাঁধ সংস্কার হয়নি। এতে করে এ বর্ষায় মানুষ কষ্ট পাবে।’ তিনি জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিল ভয়াল ঘূর্ণিঝড়ে এ এলাকায় ২০ হাজারের বেশি মানুষ মারা যায়।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, আনোয়ারা উপকূলের জন্য আড়াই শ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। এগুলো অনুমোদিত হলেই সমস্যা কেটে যাবে। তবে রায়পুরের ভাঙা বাঁধ সংস্কারে জরুরি ভিত্তিতে কিছু কাজ করা হয়েছে।