‘এই বুঝি পড়ে গেলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডান হাতে ব্যাগ, বাঁ হাতে ছাতা। বাঁশের সাঁকোর মতো একটি কাঠামোর ওপর দিয়ে কোনোক্রমে হেঁটে আসেন ষাটোর্ধ্ব আলী হোসেন। যাত্রীছাউনিতে পৌঁছে বসে পড়েন তিনি। বলেন, ‘প্রতিবারই মনে হয় এই বুঝি পড়ে গেলাম। ঘাট বন্ধ থাকলেও এই পথেই প্রতিদিন চলাচল করতে হয়। এই ভোগান্তি কবে শেষ হবে জানি না।’ শুধু আলী হোসেন নন, নগরের ফিরিঙ্গি বাজার অভয় মিত্র ঘাট দিয়ে নৌপথে চলাচলকারী সবাইকে এ রকম দুর্ভোগে পড়তে হচ্ছে। চলমান ক্যাপিটাল ড্রেজিংয়ের (নাব্যতা বৃদ্ধির জন্য নদী খনন) কারণে এবড়োখেবড়ো হয়ে আছে কর্ণফুলীর তীর। হেঁটে চলারও অবস্থা নেই। ঘাটও বন্ধ। নেই কোনো বিকল্প ব্যবস্থা। কিন্তু আগের পথেই চলাচল করছে যাত্রীবাহী নৌকাগুলো। পারে পৌঁছানোর পর ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকো পার হয়ে তীরে উঠতে হয় যাত্রীদের। চরপাথরঘাটা, পটিয়া, শিকলবাহা ও আনোয়ারার কয়েকটি এলাকার বাসিন্দা শহরে আসা-যাওয়া করতে এই নৌপথ ব্যবহার করেন। অভয় মিত্র ঘাট বন্ধ হয়ে যাওয়ায় এসব যাত্রীর ভোগান্তি বেড়েছে।গত রোববার দুপুরে অভয় মিত্র ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের আশপাশে ২০টির মতো নৌকা ভেড়ানো আছে। নদীতে কয়েকটি বাঁশ পুঁতে এর মাঝে একটি কাঠের পাটাতন লাগানো হয়েছে। নৌকা থেকে যাত্রীরা ওই পাটাতনের ওপর নামছেন। প্রায় ৫০ গজ দীর্ঘ বাঁশ-কাঠের তৈরি সাঁকো পেরিয়ে যাত্রীরা ছাউনিতে আসছেন। কথা হয় চরপাথরঘাটার বাসিন্দা আমিনুল ইসলামের সঙ্গে। নিজের শিশুপুত্রকে কোলে নিয়ে নৌকা ভেড়ানোর স্থান থেকে হেঁটে যাচ্চ্ছিলেন আমিনুল। তিনি বলেন, ‘বউ, ছেলে নিয়ে নৌকায় নদী পার হলাম। কিন্তু ঘাট না থাকায় তীরে উঠতে হলো ঝুঁকি নিয়ে। কাঠ দিয়ে পারাপারের যে পথ বানানো হয়েছে সেটা নড়বড়ে।’খোঁজ নিয়ে জানা গেছে, বছর খানেক আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শুরু করে। সেই সময় অভয় মিত্র ঘাটের পাকা কাঠামোটি ভেঙে ফেলা হয় এবং ঘাট বন্ধ করে দেওয়া হয়। বাতিল করা হয় ঘাটের ইজারা। যাত্রী পারাপারের পাশাপাশি এই ঘাটটি মাছ ওঠানো-নামানোর কাজেও ব্যবহার করা হতো। তাই ঘাট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মাছ ব্যবসায়ীরাও। মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘাট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তাঁরা নদীর দক্ষিণ পারের বিভিন্ন এলাকায় মাছ নামান। পরে গাড়িতে করে এসব মাছ শহরে আনতে হয়। এতে পরিবহনের খরচ বেড়ে যাচ্ছে। অভয় মিত্র ঘাটের কয়েকজন নৌকার মাঝি জানান, যাত্রীদের হাঁটার সুবিধার কথা ভেবে নৌকার মাঝিরা চাঁদা তুলে ওই সাঁকো তৈরি করেছেন। ঘাট ও ইজারাদার না থাকলেও যাত্রী চলাচলের জন্য মাঝেমধ্যে স্থানীয় প্রভাবশালীদের চাঁদা দিতে হয় বলে মাঝিরা অভিযোগ করেন। তবে চাঁদা আদায়কারীদের নাম বলতে রাজি হননি তাঁরা। এ বিষয়ে ফিশারিঘাট বোট মালিক সমিতির সভাপতি মো. আলী প্রথম আলোকে বলেন, প্রায় এক বছর ধরে অভয় মিত্র ঘাট বন্ধ। ঘাটের পাকা কাঠামো না থাকায় যাত্রীদের খুব সমস্যা হচ্ছে। মাছ নামাতে হচ্ছে নদীর দক্ষিণ পারে। এতে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চট্টগ্রাম বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের পরিচালক খাদেমুল বাশার এ বিষয়ে বলেন, প্রকল্পের আওতায় খাল গভীর করা ও পার বাঁধানো হবে। আশা করি ডিসেম্বরের মধ্যে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজ শেষ হবে। এরপর নিয়ম অনুসারে ঘাট ইজারা দেওয়া হলে পাকা ঘাটও তৈরি হবে।