'এই বুঝি হোল হুদ্দা হড়ি যাইয়ের'
‘ভালা থাকুম কেন্নে? বাঁশের হোল হারইতেই মনে অয়, এই বুঝি হোল হুদ্ধা হড়ি যাইয়ের’ (ভালো থাকব কীভাবে? বাঁশের সাঁকো পার হতে গেলেই মনে হয়, এই বুঝি সাঁকোসহ পড়ে যাচ্ছি)।
বাঁশের সাঁকো থেকে নেমে হাঁপাচ্ছিলেন সত্তরোর্ধ্ব আবুল কাশেম। কেমন আছেন জানতে চাইলে ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর জামমুড়া গ্রামের এই বাসিন্দা ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন। কেবল উত্তর জামমুড়া নয়, ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী আরও পাঁচটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষেকে এই নড়বড়ে বাঁশের সাঁকো দিয়েই চলাচল করতে হয়।
মুন্সিরহাট ইউনিয়নের জামমুড়া ও কমুড়া গ্রামের সীমানা ঘেঁষে প্রবাহিত হচ্ছে সিলোনিয়া খাল। খালের ওপর প্রায় ৭০ ফুট লম্বা এবং ছয় ফুট চওড়া বাঁশের সাঁকো তৈরি করেছে গ্রামবাসী। এলাকার উত্তর ও দক্ষিণ জামমুড়া, পৈথারা, কমুড়া, ফকিরের খিল ও চানপুর গ্রামের মানুষজন এই সাঁকো দিয়ে চলাচল করে। সম্প্রতি ওই এলাকায় গেলে গ্রামবাসীদের অনেকে সিলোনিয়া খাল পারাপারের দুর্ভোগের কথা তুলে ধরেন। খালের ওপর পাকা সেতু নির্মাণের দাবিও জানান তাঁরা।
উত্তর জামমুড়ার আরেক বাসিন্দা ষাটোর্ধ্ব মো. আবু তাহের বলেন, ‘সিলোনিয়া খাল পারাপারের জন্য এই সাঁকোই আমাদের ভরসা। এই সাঁকো দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়, হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়ত করতে হয়। ফুলগাজী উপজেলা বা জেলা সদরে যেতে হলেও এই সাঁকোই একমাত্র ভরসা।’
ফকিরের খিল গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, প্রায় ৩০ বছর আগে স্থানীয় লোকজন গ্রামের বিভিন্ন বাড়ি থেকে বাঁশ সংগ্রহ করে নিজেদের টাকায় সাঁকোটি নির্মাণ করে।
স্থানীয় মুন্সিরহাট ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম বলেন, ‘স্থানীয় ইউপির মাধ্যমে উপজেলা পরিষদ ও উপজেলা প্রকৌশলীকে সিলোনিয়া খালের ওপর একটি সেতু নির্মাণের অনুরোধ করেছি। কিন্তু এখনো কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি।’
ফুলগাজী উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম ভুঁঞা বলেন, তিনি মাত্র এক মাস আগে বদলি হয়ে এসেছেন। ওই বাঁশের সাঁকো সম্পর্কে তিনি এখনো কিছু জানেন না। খোঁজ নিয়ে সেখানে একটি প্রকল্প গ্রহণ করা যায় কি না, সেটা দেখবেন।