‘এই রাস্তাকে আমরা বীজতলা বানাব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহর থেকে খানিকটা দূরে একটি সড়কের প্রায় নিশ্চিহ্ন অংশের ছবি তুলতে গেলে এই প্রতিবেদকের দিকে তেড়ে আসেন আশপাশের নানা বয়সের কিছু মানুষ। তাঁরা হয়তো বুঝে নিয়েছেন কোনো পত্রিকার জন্যই এই ছবি তুলছি। বদিউল আলম নামের বয়স্ক এক লোক আঙুল উঁচিয়ে এই প্রতিবেদককে বলেই ফেললেন, ‘থাক! পেপারে অনেক রাস্তার ছবি ছাপছেন। এই রাস্তার ছবি আল্লাহর ওয়াস্তে ছাপবেন না।’ একইভাবে ক্ষোভের সঙ্গে পানের দোকানি আবুল কালাম বলেন, ‘এই রাস্তাকে আমরা বীজতলা বানাব।’ সড়কটির নাম চট্টগ্রাম-নাজিরহাট সড়ক। এই সড়কের নাজিরহাট নতুন রাস্তার মোড় থেকে নাজিরহাট পুরোনো হালদা সেতু পর্যন্ত প্রায় আধা কিলোমিটার অংশ দেখলে মনে হবে এ যেন সড়ক নয়, লাঙল দিয়ে সদ্য তৈরি বীজতলা। এই সড়ক দিয়ে যানবাহন ও পথচারীদের যাতায়াতে কি রকম ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয়, তা বোঝা যায় ভুক্তভোগীদের ক্ষোভের ভাষায়। জানা যায়, নব্বই দশকের শেষের দিকে জাতীয় পার্টি সরকারের আমলে নাজিরহাট নতুন সেতু স্থাপনের পর নতুন রাস্তার মোড় থেকে হালদা পুরোনো সেতু পর্যন্ত নাজিরহাট সড়কের অংশটি প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে। কিন্তু বছর দেড়েক আগে রামগড় সড়ক, হোঁয়াকো সড়ক চালু হলে পরিত্যক্ত সড়কটিতে যান চলাচল বেড়ে যায়। এই সড়ক দিয়ে ঢাকা-চট্টগ্রাম সড়ক হয়ে দেশের বিভিন্ন স্থানে যাওয়া যায়। বর্তমানে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশে ও এর আশপাশে ব্যাংক-বিমা, পেট্রলপাম্প, নাজিরহাট কলেজ, কাঁচাবাজারসহ অন্তত তিন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সরেজমিনে পরিদর্শনে গেলে কথা হয় স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে। মোহাম্মদীয়া ট্রেডার্সের বিক্রয়কর্মী জাহাঙ্গীর আলম বলেন, ‘হাঁটুর ওপর কাপড় তুলে এ সড়ক দিয়ে হাঁটাচলা করতে হয়।’ মুদি দোকানদার ইয়াকুব আলী বলেন, ‘মনে হয় এটির কোনো অভিভাবক নেই।’স্থানীয় ব্যবসায়ী জহুর আলম, রেদোয়ান, মাসুদ, ফরিদ উদ্দিন জানান, বিকল্প না থাকায় প্রতিদিন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারী বাধ্য হয়ে এ সড়ক দিয়ে চলাফেরা করছেন। দুর্ভোগের কথা স্থানীয় সাংসদকে বলেও কোনো লাভ হয়নি। সড়কটির তত্ত্বাবধান করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এ বিভাগের হাটহাজারী সার্কেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘সপ্তাহ খানেক আগে ড্রেজার দিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত ওই অংশের মাটি অনেকটা সমান করেছি। বৃষ্টি কমলে মেরামত করব।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হাটহাজারী সদর থেকে নাজিরহাট পর্যন্ত পুনরায় কার্পেটিং কাজের জন্য দুই কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যে একনেকে পাস হয়েছে। এটির দরপত্রও আহ্বান করা হয়েছে। আগামী বছরের শুরুতে প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।’সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয়বড়ুয়া গত মঙ্গলবার বলেন, ‘সড়কটির হাটহাজারী থেকে নাজিরহাট অংশের উন্নয়নের জন্য দুই কোটি টাকার একটি প্রকল্প কার্যাদেশ দেওয়ার অপেক্ষায় রয়েছে। তাই বর্তমানে এ সড়কে রুটিন কাজ ছাড়া বেশি টাকা খরচ করছি না।’