'এক মাসের মধ্যে মহেষখালে স্লুইস গেট নির্মাণকাজ শুরু না হলে আন্দোলন'

নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, এক মাসের মধ্যে মহেষখালে স্লুইস গেট নির্মাণকাজ শুরু করতে হবে। অন্যথায় আন্দোলন গড়ে তোলা হবে। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। খায়রুল আলমের পরিচালনায় ও নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জসিম উদ্দিন, মাহবুবুল কবির, রেজাউল করিম, বেলায়েত হোসেন, আনোয়ার হোসেন খান, এইচ এম সোহেল, আবদুর রহিম, মাহবুবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বন্দরটিলা, সল্টগোলা, হালিশহর আবাসিক এলাকা, বেপারিপাড়া, ছোট পোল, শান্তিবাগ আবাসিক এলাকা, বাংলাদেশ ব্যাংক কলোনি, ফরেস্ট কলোনি, সোনালী ব্যাংক কলোনি, সিঅ্যান্ডবি কলোনির বাসিন্দাসহ প্রায় চার লাখ মানুষের দুঃখ এখন মহেষখাল। সম্প্রতি বন্দর উপদেষ্টা কমিটির সভায় খালে স্লুইস গেট নির্মাণের সিদ্ধান্ত হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। বিজ্ঞপ্তি।