‘একটি ফুটফুটে শিশুর জন্য আকুতি’
বিবাহবিচ্ছেদসংক্রান্ত প্রতিদিন একাধিক আবেদন জমা পড়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সালিসি পরিষদে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এসবের ফয়সালা করে আসছেন। তবে করপোরেশনে দ্বিতীয় বিয়ের আবেদনসংক্রান্ত চিঠি খুব কম জমা পড়ে। সম্প্রতি আলী আহসান (ছদ্মনাম) নামের এক ব্যক্তি এ রকম একটি আবেদন করেন করপোরেশনে প্রথম পক্ষ (আলী আহসান) এবং দ্বিতীয় পক্ষের (জেরিনা খান) আবেদন গভীরভাবে পর্যালোচনা করা হলো। প্রথম পক্ষকে খুবই ভদ্র, নম্র ও বিনয়ী বলে মনে হয়েছে। ১৯ বছরের দাম্পত্য জীবনে কোনো সন্তান-সন্ততি না হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় স্ত্রীর সঙ্গে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা সত্যি প্রশংসনীয়। এ ক্ষেত্রে দম্পতিরা সন্তানের জন্য আকুল হয়ে ওঠে। আর বেশির ভাগ সময় দেখা যায় স্বামীরা স্ত্রীদের ওপর দোষারোপ করেন। সন্তানের জন্য স্বামীরা অসহনশীল হয়ে ওঠে। বিশেষ করে স্ত্রীর সঙ্গে অসহিষ্ণু আচরণ করতে পিছপা হন না। ফলে সংসারে সৃষ্টি হয় চরম অশান্তি। অনেক সময় তা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। আলী আহসান দীর্ঘ সময় ধরে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যা বর্তমান সময়ে অত্যন্ত বিরল। দ্বিতীয় পক্ষ জেরিনা খানকে সম্ভ্রান্ত পরিবারের সন্তান বলে মনে হয়েছে। তাঁর চিঠির ভাষা অত্যন্ত হূদয়গ্রাহী অথচ মার্জিত এবং পরিমিত। যা বর্তমান যুগে অন্য নারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। গত ১৩ ও ২৮ ফেব্রুয়ারি যে দুইটি পত্র তিনি পাঠান তাতে স্বামীর দ্বিতীয় বিবাহের ব্যাপারে তাঁর অনাগ্রহ পরিলক্ষিত হয়। গত ২৩ মার্চ সালিসি পরিষদে যে চিঠি পাঠান তা পর্যালোচনায় মনে হয়েছে তিনি কিছুটা হাল ছেড়ে দিয়েছেন। ইসলামি শরিয়তের বিধানের প্রতি আস্থা ও সম্মান রেখে তিনি স্বামীর দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে নিজেকে প্রতিবন্ধকতা হিসেবে দাঁড় করাতে চান না। পতিভক্ত, ধার্মিক, পর্দানশীন ও আত্মমর্যাদা বোধসম্পন্ন মহিলারা হয়তো এভাবেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। নিজের আত্মসম্মান নষ্ট করে এ ধরনের সম্মানিত উচ্চবংশীয় মহিলারা স্বামীকে আষ্টেপৃষ্ঠে কেবল নিজের কাছেই বেঁধে রাখতে চান না। আলী আহসান তাঁর আবেদনে ‘চরিত্র রক্ষা, শুদ্ধ জীবনাচার ও সন্তানাদির জন্য’ দ্বিতীয় বিবাহের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তাঁর পুরো আবেদনটি অত্যন্ত মার্জিত ও যৌক্তিক ভাষায় লেখা। তাঁর আবেদন মানবিক ও যুক্তিগ্রাহ্য। রক্ত-মাংসের শরীর দিয়ে মহান সৃষ্টিকর্তা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। কোনো মানুষই দোষ-ত্রুটির ঊর্ধ্বে নয়। মানব শরীরের অভ্যন্তরীণ জৈব-রাসায়নিক ক্রিয়া-প্রক্রিয়ার কারণে কোনো মানুষই জৈবিকতার ঊর্ধ্বে নয়। ফলে মানুষ বাধ্য হয়ে ভালোবাসে। তাকে জীবনসঙ্গী বেছে নিতে হয়। জীবনের একপর্যায়ে সে বাবা হতে চায়, দাদা হতে চায়, চাচা হতে চায়, ভাই হতে চায়...। এ চাওয়া যেন মানুষের জন্য অনিবার্য। আলী আহসান সেই চিরায়ত-শাশ্বত নিয়তির ব্যতিক্রম নন। তাঁর আবেদনে যেন বাবা হওয়ার আকুতি—এ আকুতি একটি ফুটফুটে শিশুর জন্য—এ আকুতি শূন্য কোল পূরণের জন্য। এ যেন অনাস্বাদিত পিতৃত্বের হূদয়বিদারক আহাজারি। ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আলী আহসানের দ্বিতীয় বিবাহের অনুমতি দেওয়া প্রয়োজনীয় মনে হয়েছে। একাধিক বিয়ে করলে যেকোনো পুরুষের ওপর ইসলামি শরিয়ত অনুযায়ী স্ত্রীদের মধ্যে সমতা বিধানের নিমিত্তে অনেক দায়িত্ব অর্পিত হয়। আজকাল একদল দুর্বলচেতা হীনমন্য লোক ইউরোপ ও আমেরিকার লজ্জাকর কুপ্রথার ভক্ত সেজে একাধিক বিবাহকে দূষণীয় মনে করেন। কিন্তু নির্লজ্জ লম্পটের মতো গন্ডায় গন্ডায় উপপত্নী বা গার্লফ্রেন্ড রাখতে কুণ্ঠাবোধ করেন না। আলী আহসান দায়িত্ব পালনের ব্যাপারে অঙ্গীকারও করেছেন। দ্বিতীয় বিয়ে করলে দুই স্ত্রীর মধ্যে বিভিন্ন রকমের ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে। এসব ক্ষেত্রে স্বামীকে প্রজ্ঞা ও ন্যায়পরায়ণতার প্রমাণ রাখতে হয়। নইলে সংসারে অনাসৃষ্টির আশঙ্কা থাকে। আবার ইতিহাস পর্যালোচনায় অনেক ব্যতিক্রম ঘটনাও পরিলক্ষিত হয়। সতীনদের মধ্যে সহোদর বোনের ন্যায় প্রীতিময় সম্পর্কেরও উদাহরণ আছে। নিঃসন্তান মহিলা সতীনের সন্তানকে কোলে-পিঠে করে নিজের সন্তানের মতো লালন-পালন করে গড়ে তোলার দৃষ্টান্তও বিরল নয়। সতীন মারা গেছে...এ শোক সহ্য করতে না পেরে তীব্র ভালোবাসার টানে অপরজনও একই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন—এমন ঘটনার সাক্ষীও এ নীরব পৃথিবী! সালিসি পরিষদ আশা করে যে, আলী আহসান তাঁর অঙ্গীকার যথাযথভাবে পালন করবেন। তিনি দ্বিতীয় বিয়ে করার পর তাঁর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী জেরিনকে বড় বোনের মতো সম্মান করবেন। প্রেমময় সম্পর্কের কথা বিবেচনায় রেখে সবাই যথাযথ আচরণ করলে তাঁদের পৃথিবী অনেক সুন্দর হয়ে উঠবে। কবি হয়তো এ দিকটির কথা ইঙ্গিত করে বলেছেন, ‘প্রীতি-প্রেমের পুণ্য-বাঁধনে যবে মিলি পরস্পরে/ স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।’সালিসি পরিষদের কাছে আলী আহসানের দ্বিতীয় বিবাহের আবেদন যৌক্তিক। অতএব, আলী আহসানের পবিত্র জীবনযাপন এবং সন্তানের বাবা হয়ে সুখী সংসার গঠনের নিমিত্তে দ্য মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স, ১৯৬১-এর ৬ (৩) ধারায় দ্বিতীয় বিবাহের অনুমতি দেওয়া হলো।