'একটি বাড়ি একটি খামার প্রকল্প হতদরিদ্রদের স্বপ্ন পূরণ করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বাড়ি একটি খামার প্রকল্প হতদরিদ্রদের স্বপ্ন পূরণ করছে। প্রকল্পের আওতায় মানুষকে ভিটেসহ ঘর করে দেওয়া হচ্ছে। স্বাবলম্বী করে তুলতে পরিশ্রমীদের সহজ শর্তে দেওয়া হচ্ছে ঋণ।
গত রোববার বিকেলে পেকুয়া কলেজ মাঠে সুচিন্তা বাংলাদেশ আয়োজিত প্রচার সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এতে মুখ্য আলোচক ছিলেন সুচিন্তা বাংলাদেশের আহ্বায়ক মোহাম্মদ এ আরাফাত।
সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব প্রশান্ত কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন সুচিন্তা বাংলাদেশের দপ্তর সম্পাদক তারেক সুমি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সারওয়ার, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
সমাবেশে সাফল্যের গল্প শোনান প্রকল্পের উপকারভোগী মো. তাজুল উদ্দিন ও তাসলিমা খানম। তসলিমা খানম বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ২০ হাজার টাকা ঋণ নিয়ে একটি গরু কিনি। সেই গরু লালন-পালন করে আমি এখন স্বাবলম্বী। আমার এখন চারটি গরু ছাড়াও খেত–খামার রয়েছে। মালিক হয়েছি একটি বাড়ির।’