'একটি মহল পাহাড়ের সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে'
একটি মহল পাহাড়ের সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে। তারা চায় সব সময় পাহাড়ি-বাঙালির মধ্যে দ্বন্দ্ব-সংঘাত লেগে থাকুক। তবে মানুষ এখন সচেতন। এসব সাম্প্রদায়িকতার গুজবে মানুষ আর বিশ্বাস করে না।
৩ অক্টোবর খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ইউনিয়নে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বাবুছড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাবুছড়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দীঘিনালা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমা, শতরুপা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা প্রমুখ। সমাবেশে জানানো হয়, পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বাবুছড়ামুখ উচ্চবিদ্যালয়ে ৮০ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে একতলা ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বাবুছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানাপ্রাচীর। এ ছাড়া দেড় কোটি টাকা বরাদ্দে বাবুছড়া উচ্চবিদ্যালয়ে তিনতলা প্রশাসনিক ভবন ও ৬০ লাখ টাকা ব্যয়ে বাবুছড়া ধর্মনীতি বৌদ্ধবিহারে ভিক্ষু নিবাস নির্মাণ করা হচ্ছে।