‘একটি রুটি আর ডাল খেয়ে কেটেছে ৫৬ দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের জাহাজ তখন গালফ অব এডেনে। সকাল আটটার দিকে দূরে নৌকার মতো একটা কিছু দেখা গেল। মুহূর্তের মধ্যে সেটি একেবারে কাছে চলে এল। সেটি ছিল একটি স্পিডবোট। জাহজের চেয়েও বেশি গতি এটির। তাদের কাছে হুক লাগানো রশি ছিল। সেটি দিয়ে জাহাজে উঠে এল জলদস্যুরা।স্পিডবোটে চালকসহ ছিল ছয়জন। জাহাজে ওঠার পর বোটটা চলে গেল। রয়ে গেল পাঁচজন। তিনজনের হাতে দুটি করে একে-৪৭ রাইফেল, দুজনের হাতে রকেট লঞ্চার। ফায়ার করতে করতে তারা আমাদের অবস্থানের দিকে ছুটে এল। আমরা আগেই টের পেয়ে দরজা-জানালা সব বন্ধ করে রেখেছিলাম। কিন্তু গুলি করে কাচ ভেঙে ঢুকে পড়ল জাহাজের ব্রিজে, যেখানে আমরা অবস্থান করছিলাম। ব্রিজে ঢুকেই জলদস্যুরা ইংরেজিতে বলতে লাগল, ‘ক্যাপ্টেন কই? আমদের ডলার দরকার।’জাহাজের ক্যাপ্টেন বায়েজিদ মোহাম্মদ ছিলেন বাঙালি, তিনি বেরিয়ে এলেন। দস্যুদের উদ্দেশে বললেন, ‘আমিই ক্যাপ্টেন। তোমাদের যা বলার আমাকেই বলো। আমার ক্রুদের টাচ করবে না।’তখন দস্যুরা আমাদের সবাইকে ব্রিজে ঢুকিয়ে ফলইন করাল। আমরা ছিলাম ২৮ জন। তিনজন বাংলাদেশি। সবাইকে মাথা নিচু করে নিলডাউন করিয়ে রাখল। এখানে বলা দরকার, আক্রান্ত হওয়ার আগেই আমরা ব্রিটিশ, ফ্রেঞ্চ ও ভারতীয় জাহাজে বার্তা পাঠিয়ে দিয়েছিলাম। একটু পর একটি ফরাসি হেলিকপ্টার উড়ে এল, চক্কর দিতে লাগল জাহাজের ওপর। জলদস্যুরা ভয় পেয়ে কপ্টার লক্ষ্য করে গুলি ছুড়তে লাগল। এতে আমরা বেশ বিপদে পড়ে যাই, কারণ দস্যুরা আমাদের মেরে ফেলতে পারে। তার ওপর আমাদের জাহাজ ছিল অয়েল কেমিক্যাল ট্যাংকার। একটি গুলি করলেই সর্বনাশ হতে পারে। শেষ পর্যন্ত উপায় না দেখে হেলিকপ্টারটি চলে গেল।দস্যুরা আমাদের কিছু ছবি নিল। পরে সেগুলো ওয়েবসাইটে ছেড়ে দেয়। এতে আমাদের পরিবার জানতে পারে আমরা কী বিপদে পড়েছি। পরে আমাদের জাহাজটি দুর্গম এলাকায় নিয়ে যায় জলদস্যুরা। সেখানে অনেকগুলো জাহাজ ছিল। সেগুলোও দস্যুদের খপ্পরে পড়েছিল। আমাদের জন্য সেখানকার অভিজ্ঞতা খুব খারাপ ছিল। খাওয়া নিয়ে কী যে কষ্ট পেয়েছি! সকালে একটি রুটি, একটু ডাল আর রাতে এক প্লেট ভাত ও একটু ছাগলের মাংস। আমদের ২৮ জনকে তিন দিনে দেওয়া হতো একটি ছাগল। এভাবে ৫৬ দিন পর জলদস্যুদের সঙ্গে সমঝোতা হয় কোম্পানির। এ জন্য বাংলাদেশি প্রায় ১১ কোটি টাকা দিতে হয়েছে।টাকা দেওয়ার পদ্ধতিও ছিল অভিনব। পাশের দেশ থেকে একটি ছোট প্লেন ভাড়া করে ডলার নিয়ে আসে কোম্পানির লোকজন। প্যারাসুট দিয়ে সেই ডলার জাহাজে থাকা দস্যুদের দেওয়া হয়। পাঁচ ঘণ্টা পর আমাদের জাহাজটা ছেড়ে দেয় দস্যুরা।পাঁচ ঘণ্টা দেরি করার কারণও ছিল। এডেন উপসাগরে জলদস্যুদের নেটওয়ার্ক খুব শক্তিশালী ছিল। ওই পাঁচ ঘণ্টায় তারা তাদের সব এজেন্টকে জানিয়ে দেয় যে আমাদের কোম্পানি মুক্তিপণ দিয়েছে। আমাদের জাহাজ যাতে আর আটকানো না হয়।এভাবে আমরা ২৮ জন নাবিক ফিরে এসেছিলাম মুত্যুর দুয়ার থেকে।