'একটি সিনেপ্লেক্স চাই'
‘গুদাম ঘরে বসে কি সিনেমা দেখা যায়? ভাঙা চেয়ারে ছারপোকার কামড় খেতে খেতে গুমোট পরিবেশে দরদর করে ঘামতে ঘামতে সিনেমা দেখা যায় না। প্রজেকশনও ভালো নয়। পর্দাটা একেবারে অন্ধকার। আয়নাবাজি দেখতে গিয়ে হলের ভেতর আধঘণ্টা টিকে ছিলাম। তারপর ঘেমে–নেয়ে বেরিয়ে এসেছি।’ সিনেমা দেখার এই তিক্ত অভিজ্ঞতার এভাবেই বর্ণনা করলেন চলচ্চিত্র বিষয়ের লেখক ও গবেষক আনোয়ার হোসেন পিন্টু।
প্রায় অর্ধশতাব্দী কালের পুরোনো যে সিনেমা হলের দুরবস্থার কথা তিনি জানালেন, সেই আলমাস একসময় দেশের অন্যতম সেরা প্রেক্ষাগৃহ ছিল। এখানে সিনেমা দেখার সুখকর স্মৃতির কথা জানালেন আনোয়ার হোসেন। ১৯৬৭ সালে এই প্রেক্ষাগৃহ উদ্বোধনীর দিন প্রদর্শিত হয়েছিল ক্লিওপেট্রা। পুরো পরিবার মিলে ছবিটি দেখেছিলেন। শীতাতপ নিয়ন্ত্রিত সেই হলে ঢুকলেই মিষ্টি একটা গন্ধ পেতেন দর্শকেরা। অথচ সেই অত্যাধুনিক হলটিকে বর্তমান গুদাম ঘরের সঙ্গে তুলনা করতে হচ্ছে। শুধু তো আলমাস সিনেমা নয়, টিকে থাকা চারটি হলের অবস্থা এ রকমই। এ অবস্থায় চট্টগ্রামের সব শ্রেণির দর্শকের একটাই অভিমত—এবার একটি সিনেপ্লেক্স না হলে আর চলছে না।
দর্শকপ্রিয় ও জনপ্রিয় ধারার সিনেমা তৈরি হচ্ছে এখন, সঙ্গে সঙ্গে সিনেপ্লেক্সের দাবিটাও জোরালো হচ্ছে। সম্প্রতি আয়নাবাজি মুক্তি পাওয়ার পর দর্শক হলে ভিড় জমিয়েছে। টিকিটের জন্য লাইন ধরেছে। এর আগে মনপুরা ও িশকারী দেখেছে দর্শক। এ দেশের সাধারণ মানুষ সিনেমাপাগল। কারণ আর কোনো বিনোদনের ব্যবস্থা সাধারণ মানুষের জন্য নেই। ভালো ছবি হলেই দর্শকের আগ্রহ তৈরি হয়। কিন্তু প্রেক্ষাগৃহের দুরবস্থায় সেই আগ্রহ পরক্ষণে উবে যায়।
চট্টগ্রামের মোমিন রোডের বাসিন্দা গৃহবধূ রোকসানা বন্যা সেই কথাই বললেন, ‘আয়নাবাজি দেখার ইচ্ছা ছিল, কিন্তু সিনেমা হলের যা অবস্থা শুনলাম, তাতেই আগ্রহটা হারিয়ে গেল।’
অনেকের অবস্থা এ রকম। নন্দনকাননের বাসিন্দা ও ব্যবসায়ী তানভির আহমেদের কণ্ঠে প্রতিধ্বনিত হলো ক্ষোভ—‘আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি। সিনেপ্লেক্স তো দূরের কথা। সিনেমা দেখার যে হলগুলো আছে সেগুলোর সংস্কার করলে অনেক ভালো হতো। মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্তের সামর্থ্যে সব সময় সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখাটা কঠিন হয়ে যাবে। তাদের জন্য বর্তমান হলগুলো সংস্কার করা জরুরি।’ পাশাপাশি সিনেপ্লেক্সের জন্য একটি প্রস্তাবও রাখলেন তিনি। বললেন, ‘ডিসি পাহাড়ের শীর্ষে সরকারি কর্মকর্তাদের বাসভবন সরিয়ে সেখানে সরকারি উদ্যোগে সিনেপ্লেক্স তৈরি করা হোক, আধুনিক মিলনায়তন করা হোক। সেই মিলনায়তনে সারা বছর অনুষ্ঠান চলুক। আর নিচের পার্ক সাধারণ মানুষের হাঁটাহাঁটি আর বিশ্রামের জন্য খোলা থাক।’
সিনেপ্লেক্সের দাবির কথাটি বেশি উচ্চারিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী আর তরুণদের মুখে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌসুমী আহমেদের মতে, চট্টগ্রামে একটি মানসম্মত সিনেপ্লেক্স তৈরি এখন সময়ের দাবি। তিনি বলেন, ‘বন্ধুরা মিলে দলবেঁধে সিনেমা দেখতে যেতে পারি না ভালো সিনেমা হল নেই বলে। দুই-একবার দেখতে গিয়ে অস্বস্তিতে পড়েছি। ’
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হারিছের মুখেও একই কথা, ‘চট্টগ্রামে সিনেমার প্রচুর দর্শক রয়েছে। তাঁদের কথা মাথায় রেখে দ্রুত একটি সিনেপ্লেক্স নির্মাণ করা উচিত।’
কথা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের চলচ্চিত্র–বিষয়ক শিক্ষক ও চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক শৈবাল দাশের সঙ্গে। সিনেপ্লেক্সের প্রয়োজনীয়তার কথাটি তাঁর কাছ থেকে অন্যভাবে এল। আগের দিনের ধাঁচে বর্তমানে প্রেক্ষাগৃহের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। কেননা তিনি মনে করেন যুগটা এখন সিনেপ্লেক্সের। ব্যাপারটা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘প্রযুক্তিগত উন্নয়ন ও পরিবর্তনের কারণে আগেকার যুগের মতো বড় আয়তনের সিনেমা হলের এখন আর কোনো প্রয়োজন নেই। এখন প্রয়োজন আধুনিক প্রযুক্তিসম্পন্ন উন্নতমানের মাল্টি সিনেপ্লেক্স, যেখানে কয়েকটি প্রেক্ষাগৃহ থাকবে এবং একই সঙ্গে কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।’ তিনি আক্ষেপ করে বললেন, ‘চট্টগ্রাম শহরে পাঁচতারকা মানের হোটেল আছে। উন্নত মানের আধুনিক শপিং মলও আছে। কিন্তু একটিও সিনেপ্লেক্স নেই। এ যুগে সিনেপ্লেক্স ছাড়া আধুনিক শপিং মল অচল। একটা আরেকটার বিকল্প।’ চট্টগ্রাম শহরে যে কটি আধুনিক শপিং মল রয়েছে, সেগুলোর ছাদে খুব সহজেই সিনেপ্লেক্স নির্মাণ করা যায় বলে তিনি জানান।
শৈবাল বললেন, ‘বাংলাদেশের প্রথম এবং বৃহত্তর সিনেপ্লেক্সের মালিক চট্টগ্রামের লোক। কিন্তু খুব দুঃখের বিষয় তিনি তঁার নিজের শহরে কোনো উদ্যোগ নেননি।’ চলচ্চিত্রশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি–বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ছে। সরকারি অনুদান দিয়ে সিনেমা বানিয়ে, বছর বছর পুরস্কারসহ কত উদ্যোগ দেখছি। কিন্তু কাজের কাজ যেটি তার দিকে কারও নজর নেই। সিনেমা দেখার উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারছি না। যেখানে গুরুত্বপূর্ণ নগরে একটিও সিনেপ্লেক্স নেই, সেখানে সারা দেশের অবস্থা কী, সেটি অনায়াসে কল্পনা করা যায়। কিন্তু সিনেমাশিল্পের পেশাদারির সঙ্গে এই অবস্থা একেবারেই বেমানান। দুর্বল বিপণনব্যবস্থায় কোনো শিল্পই তো মাথা তুলে দাঁড়াত পারে না। সিনেমার বিপণন মানে এর প্রদর্শনের ভালো ব্যবস্থা। আর বর্তমানে সিনেমার ভালো এবং দর্শকবান্ধব প্রদর্শন হতে পারে উন্নতমানের সিনেপ্লেক্স। সেটি যুগের দাবি। যদি সেই দাবি আমরা পূরণ করতে না পারি, তবে আমরা কেবল পিছিয়েই থাকব।
শিশু আর তরুণদের সর্বনাশের জন্য মাদক আর ইন্টারনেটের নানা ফাঁদ ছড়িয়ে আছে চারপাশে। সেই ফাঁদ থেকে তাদের দূরে রাখতে হবে। সিনেপ্লেক্সের মতো সুস্থ বিনোদনের বিকল্প পথ যতই তৈরি হবে ততই মরণনেশার পথ সংকুচিত হবে।