‘আমার স্বামী সৌদি আরবে কাজ করতে গিয়ে মারা গেছেন। তাঁর পাঠানো টাকায় সংসার চলত। পাঁচটা মেয়ে নিয়ে আমি অথৈ সাগরে পড়েছি। এখন তাঁর লাশ এত টাকা খরচ করে কে দেশে আনবে? সৌদি আরব থেকে চকরিয়ায় লাশ নিয়ে আসার সামর্থ্য আমাদের নেই। তাঁকে শেষবার একনজর দেখার সুযোগও কি আর পাব না!’সৌদি আরবে ৮ মার্চ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কামরুজ্জামানের স্ত্রী রেহেনা আকতার (৩৫) বিলাপ করে বলছিলেন কথাগুলো। কেবল কামরুজ্জামানের পরিবারেই নয়, এমন বিলাপ আর শোকের মাতম চলছে চকরিয়ার আরও দুটি পরিবারে।সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশির তিনজনই চকরিয়ার বাসিন্দা। নিহত এই তিনজন হলেন, উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চরের মো. কামরুজ্জামান (৪৫), সাহারবিল ইউনিয়নের পূর্ব সিকদারপাড়ার আবু ছৈয়দ (৩৫) ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ভেওলা গ্রামের নূর মোহাম্মদ (৪৫)। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানেন না স্বজনদের লাশ পাবেন কি না। দেশের মাটিতে তাঁদের দাফন হবে কি না। বিদেশের হাসপাতালের হিমঘরে শুয়ে আছেন প্রিয়জনেরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁরা। ১২ মার্চ দুপুরে নিহত কামরুজ্জামানের গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে, পাঁচ মেয়েকে জড়িয়ে ধরে স্ত্রী রেহেনা আকতার (৩৫) বিলাপ করছেন। পাশে দাঁড়িয়ে বড় ভাই মোস্তাক আহমদ তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। মোস্তাক আহমদ সাংবাদিকদের জানান, নিহত কামরুজ্জামান ও আবু ছৈয়দ সম্পর্কে ভাইরা ভাই। কামরুজ্জামানের পাঁচ মেয়ে আর আবু ছৈয়দের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। নিহত দুজন সৌদি আরবে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। মোস্তাক আহমদ বলেন, ‘দীর্ঘ সময় এঁরা দুজন সৌদি আরবে শ্রমিকের কাজ করলেও পরিবারের আর্থিক দৈন্য-দশা দূর করতে পারেননি। গ্রামে পাকা বাড়ি করবেন—এমন স্বপ্ন ছিল দুজনেরই। সেই আশাও পূরণ হলো না। এখন এই দুজনের লাশ সৌদি আরব থেকে চকরিয়ায় আনার সামর্থ্য নেই তাঁদের।’একই কথা বললেন নিহত নূর মোহাম্মদের পরিবারে সদস্যরাও। স্বজনের লাশের জন্য এখন তাঁদের অপেক্ষা। লাশ পেলে অন্তত শোক কিছুটা হলাকা হতো বলে জানালেন তাঁরা। কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী মনসুর জানান, কামরুজ্জামানের লাশ সৌদি আরব থেকে চকরিয়ায় নিয়ে আসার মতো টাকা-পয়সা পরিবারের সদস্যদের নেই। এক্ষেত্রে সরকারি সাহায্য দরকার। সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হাকিম ও পূর্ব ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলও সেই কথারই প্রতিধ্বনি করলেন। তঁরা বলেন, ‘এই শ্রমিকেরা বিদেশের মাটিতে কাজ করে দেশের জন্য টাকা পাঠিয়েছেন। তাই তাঁদের লাশ আনার ব্যবস্থা সরকারকেই করতে হবে।’চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানান, নিহত ব্যক্তিদের লাশ আনা সম্ভব না হলে সৌদি আরবের মক্কা শরীফে যেন তাঁদের দাফন করা যায় সেই চেষ্টা চলছে। উল্লেখ্য ৮ মার্চ সৌদি আরবের জেদ্দা থেকে ৮৫০ কিলোমিটার দূরে আল-কাহতান এলাকায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নাগরিক নিহত হন। এঁদের তিনজনের বাড়ি কক্সবাজরের চকরিয়া উপজেলায় এবং একজনের বাড়ি ঢাকায়।