‘একবার মাটিচাপা পড়েছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা বলার সময় বারবার নিজের হাত-পার দিকে তাকাচ্ছিলেন তাজুল ইসলাম। বললেন, ‘বাবা দ্যাখেন ঝাঁঝরা হাত, কোদালে কেটে গেছে পা। তারপরও উপায় কী? সব জেনেও মাঝির কাছ থেকে আগাম টাকা নিই।’খাটো শরীর নিয়ে ভাটায় শ্রমিকের কাজ করেন তাজুল (৫৫)। মাথায় গামছা বেঁধে রোদে শুকাচ্ছেন ইট, রোদে পুড়ছেন তিনিও। পরিবারের খবর বললেন—স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলের সংসার। ঘরে উপযুক্ত মেয়ে। বিয়ে দেওয়ার সামর্থ্য নেই। বর্ষায় আমনক্ষেত আর শুষ্ক মৌসুমে ভাটায় খাটেন। ২৭-২৮ বছর ধরে ভাটায় কাজ করছেন। সঙ্গে বড় ছেলে মোহাম্মদ হানিফও (২০) আছেন। তাজুল বলেন, ‘মজুরি ২২ হাজার ট্যাকা থেইকে মায়ার বিয়ার জন্যি পাঁচ হাজার রাখছি। বাকি ট্যাকা খরচ অই গেইছ গই। ছেলের ট্যাকায় কিছুটা চলবি।’বাড়িঘরের অবস্থা কী? ‘হেই মেলা দিন অইলো কথা অইছে। জানবার পারি না ক্যান আছে পোলা-মায়াঅল। ওপরওয়ালাই আমাগো সাহিয্য করে।’ বলেন তাজুল ইসলাম। আরও যোগ করেন, ‘প্রতিবছর ছয়-সাত মাস আমরা একনাগাড়ে ভাটায় কাজ করি। কোনো বিপদ হলে দুই-এক দিনের ছুটি নিয়ে বাড়ি যাই।’ ভাটায় কাজ করতে গিয়ে আঘাত পেয়েছেন? ‘হিসাব নাই। বহুত বার কষ্ট পাইছি। কোদালের আঘাতে কেটেছি। একবার গারাইয়ার (মাটির স্তূপ) কাজ করতি গিয়ে মাটিচাপা পড়েছিলাম। কয়েক বছর আগে বান্দরবানের একটি ভাটায় মাটি চাপা পড়ে দুইজনের মৃত্যু দেখেছি।’