'একসঙ্গে এত টাকা পাব ভাবিনি'
‘মেয়ের বিয়ে ঠিক হয়েছে, অনেক টাকার প্রয়োজন। কোথায় টাকা পাওয়া যাবে—এমন চিন্তা করছি। এর মধ্যে হঠাৎ একদিন উপজেলা থেকে খবর এল, গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির জমানো ৭০ হাজার টাকা দেওয়া হবে আমাকে। এত টাকা একসঙ্গে পাব ভাবিনি। মেয়ের বিয়ের খরচ নিয়ে ভাবনাও দূর হলো।’
কথাগুলো বলতে বলতে আবেগপ্রবণ হয়ে ওঠেন খুরশীদা বেগম। সম্প্রতি বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি’র (আরইআরএমপি) জমানো টাকা নিতে এলে কথা হয় তাঁর সঙ্গে। দৈনিক বেতন থেকে ৩৬ টাকা করে জমিয়ে পাঁচ বছরে তিনি এ টাকা পেয়েছেন। এ প্রকল্পে ৫০ জন উপকারভোগী নারী প্রায় ৩৫ লাখ ২৫ হাজার টাকা পেয়েছেন।
বান্দরবান সদর উপজেলার প্রকৌশলী মিনহাজ উদ্দিন বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় আরইআরএমপি প্রকল্পের অধীনে প্রতিটি ইউনিয়নের ১০ জন দরিদ্র নারীর কর্মসংস্থান করা হয়েছিল। তাঁরা দৈনিক ৯০ টাকা বেতন থেকে ৫৪ টাকা নিয়ে অবশিষ্ট ৩৬ টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। গত জুন মাসে প্রকল্প শেষ হওয়ায় পাঁচ বছরে তাঁদের প্রত্যেকের জমা হওয়া ৭০ হাজার ৪৮৬ টাকা বিতরণ করা হয়েছে।
এলজিইডির সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, বান্দরবান সদর উপজেলার পাঁচ ইউনিয়নে ৫০ জন দরিদ্র নারী গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণকাজে উপকারভোগী হিসেবে ছিলেন। প্রকল্পটি ২০০৭ সালের জুলাই মাসে শুরু হয়। প্রকল্পের উপকারভোগী ও কর্মকর্তারা সবাই পরিশ্রম করেছেন বলে এত টাকা জমানো সম্ভব হয়েছে।
লেমুঝিড়ি পাড়ার উনুপ্রু মারমা টাকা পেয়ে বলেন, ‘কষ্টে জমানো এ টাকায় আমি গরু পালন করব। চার-পাঁচ বছর পর গরু বিক্রি করে কিছু একটা করার চেষ্টা করব।’
উদালবনিয়ার উসিংপ্রু বলেন, ‘এলজিইডিতে বেতনের একটি অংশ কেটে রাখার সময় ধারণাই করতে পারিনি একসঙ্গে এত টাকা পাব।’ উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র নারীদের টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, ভাইস চেয়ারম্যান সুচিত্রা তঞ্চঙ্গ্যা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ক্যহ্লাখয় মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক হোসেন প্রমুখ।