'একাত্তর আমাকে কবি হিসেবে পুনর্জন্ম দিয়েছে'
ষাটের দশকে কবিতা ও রাজনীতির পথচলা শুরু করলেও ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধই মোহাম্মদ রফিককে কবি হিসেবে পুনর্জন্ম দিয়েছে বলে তিনি মনে করেন। ‘আমার জীবন আমার রচনা’ শিরোনামের এক অনুষ্ঠানে পাঠকদের মুখোমুখি হয়ে নিজের অনুভূতির কথা এভাবেই জানালেন মুক্তিযোদ্ধা ও কবি মোহাম্মদ রফিক। চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে গ্রন্থ বিপণিকেন্দ্র বাতিঘর ২৯ এপ্রিল শুক্রবার বেলা ১১টায় এই অনুষ্ঠানের আয়োজন করে। কবি বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে রাষ্ট্রীয় স্বাধীনতা অর্জনকারী বাঙালির এমন ক্ষমতা আছে যা দিয়ে তারা একদিন পুরো পৃথিবী শাসন করবে।’
নিজের কবিতাময় জীবনের কথা বলতে গিয়ে কবি বলেন, ‘অবক্ষয় , হতাশা, নেতিবাচক মানসিকতাই যখন কবিতার অবলম্বন হিসেবে চর্চিত হচ্ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ, তখন আমার চেতনাকে নতুন করে তৈরি করেছে। যে পাখির কলতান, ছাতিম ফুলের গন্ধ ভুলে গিয়েছিলাম স্বাধীনতার পর সেসবই আমার কবিতায় ফিরে এসেছে বাংলার প্রকৃতি আর মানুষ হয়ে।’
তিনি মনে করেন, সব ধরনের দাসত্বই কবিতার জন্য অত্যন্ত ক্ষতিকর। কবির থাকতে হবে আত্মনিয়ন্ত্রণ, সাহস ও সংবেদনশীলতা।
নিজের কবিতা লেখার ঘোরলাগা সময়ের কথা বলতে গিয়ে কবি মোহাম্মদ রফিক বলেন, ‘তুচ্ছাতিতুচ্ছ বিষয়ও শিশু বা বালকদের মতো যাঁকে বিস্মিত করে তাঁরই রয়েছে কবিত্বশক্তি। বিস্ময়বোধ থাকে বলে প্রকৃত কবির মধ্যে দেশ-জাতি-মানুষের জন্য ভালোবাসার বোধও জেগে থাকে। এভাবে কবি বারবার জন্ম নেয়। কবিতা লেখার সময় আমার ভেতরেও শিশুর মতো বিস্ময়বোধ কাজ করে।’
তিনি বলেন, আমাদের সাম্প্রতিক সমাজ ও শিক্ষাব্যবস্থা শিশুদের বিকাশের ক্ষেত্রে নানা প্রতিকূলতা সৃষ্টি করছে। আমাদের এমন এক পরিবেশ তৈরি করতে হবে যেখানে সব শিশু সঠিক উপায়ে বেঁচে থাকার ও বেড়ে ওঠার সুযোগ পাবে। ধর্ম ও শ্রেণি–নির্বিশেষে সম্প্রীতি ও মানবিকতা যত দিন প্রতিষ্ঠা করতে পারব না, তত দিন প্রকৃত কবিতাও রচিত হবে না।
অনুষ্ঠানে কবি উপস্থিত শ্রোতাদের নিজের কবিতাও পাঠ করে শোনান। মোজাম্মেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। অনুষ্ঠানে কবি মোহাম্মদ রফিকের কবিতা পাঠ করেন দুলাল দাশ গুপ্ত এবং জীবন সম্পর্কে আলোকপাত করে বক্তব্য দেন কবি সাইদুল ইসলাম, প্রফেসর গোলাম ফারুক।