‘একে তো লোডশেডিং তার ওপর বৈষম্য’
‘শীতেও একটানা দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এতে বিদ্যালয়ের কোনো কাজই ঠিকভাবে করতে পারছি না। একটি চিঠি তৈরি করতে পর্যন্ত হিমশিম খেতে হয়।’ কথাগুলো বলছিলেন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী। শীতেও লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকেরা। বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। দুই-তিন ঘণ্টা পর বিদ্যুৎ এলেও এক ঘণ্টার কম সময় স্থায়ী হয়। এদিকে লোডশেডিংয়ে বৈষম্যের অভিযোগ করেছেন প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরা। তবে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম বলে সবখানেই লোডশেডিং হচ্ছে।লেলাং ইউনিয়নের নয়াহাট এলাকার বাসিন্দা জুনায়েদ হোসেন বলেন, উপজেলা সদরে লোডশেডিং হয় না বললেই চলে। অথচ বিদ্যুতের অভাবে অন্ধকারে ডুবে থাকে গ্রামাঞ্চল। একে তো লোডশেডিং তার ওপর বৈষম্য। সঠিক বণ্টন হলে গ্রামের মানুষের দুর্ভোগ কমত। উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় উপজেলার দুই উপকেন্দ্র ফটিকছড়ি সদর ও আজাদী বাজারের গ্রাহকসংখ্যা প্রায় ৬৫ হাজার। এখানে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ১৫ থেকে ১৬ মেগাওয়াট। কিন্তু তার বিপরীতে সরবরাহ পাওয়া যায় চার থেকে পাঁচ মেগাওয়াট।আজাদী বাজারের মুরগির খামারি আনোয়ার হোসেন বলেন, শীতেও বিদ্যুৎ পাওয়া ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ না থাকায় খামারে মুরগি তুলতে পারছি না।’ এ প্রসঙ্গে জানতে পল্লী বিদ্যুৎ গ্রাহক কল্যাণ সমিতি-২-এর সাবেক সভাপতি ও ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন বলেন, সদরে যথাসম্ভব কম লোডশেডিংয়ের অলিখিত নির্দেশ থাকে। তা ছাড়া, জাতীয়ভাবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যায় না। গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি করার কথা অস্বীকার করে পল্লী বিদ্যুতের আজাদী বাজার কার্যালয়ে উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সরওয়ার জাহান বলেন, অতিরিক্ত চাহিদার কারণে লোডশেডিং কিছুটা বেশি।