'এক্সপ্রেশন কুইন' মিমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ মিমু । সৌরভ দাশ
চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ মিমু । সৌরভ দাশ

ঘরের পাশে নাচের স্কুল। সকাল-সন্ধ্যা কানে বাজে ঘুঙুরের ধ্বনি। মনে দাগ কাটে ছোট্ট চার বছরের মেয়েটির। নাচের ক্লাস শুরু হলেই খেলা ফেলে ভোঁ দৌড়। দরজা ধরে দাঁড়িয়ে দেখত আপুদের নাচ। অবাক দৃষ্টি, রাজ্যের প্রশ্ন—কীভাবে এত সুন্দর করে নাচেন তাঁরা। ছোট্ট এই দর্শকের উপস্থিতি চোখ এড়ায় না শিক্ষকের। একদিন ডেকে পাঠালেন মাকে। মায়ের কাছে শিক্ষক জানতে চাইলেন, মেয়ে এক থেকে ২০ পর্যন্ত গুনতে পারে? মা বললেন, ২০ নয়, ৫০ পর্যন্ত পারে। ভালোই হলো। শিক্ষক মেয়েটিকে নিয়ে গেলেন ক্লাসে। পরিয়ে দিলেন নূপুর। সেই হাতেখড়ি। শুরু হলো নাচের সঙ্গে ঘরবসতি। গল্পটা নৃত্যশিল্পী তাসরিনা হোসেনের, পরিবার ও বন্ধুবান্ধবদের কাছে পরিচিত মিমু নামে।
চট্টগ্রামের মেয়ে মিমুর সাফল্যের মুকুটে এখন দামি পালক। জিতেছেন চ্যানেল আইয়ের সেরা নাচিয়ের দ্বিতীয় রানারআপের খেতাব। সম্প্রতি প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে আড্ডায় উঠে আসে তাঁর এত দূর আসার আদ্যোপান্ত। শুরুতেই বিজয়ের ক্ষণ। কেমন লাগল মাইক্রোফোনে নিজের নাম শুনে? বললেন, ‘যখন আমার নাম ঘোষণা হলো তখন নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আমি জিতে গেছি! কী যে আনন্দ লাগছিল বলে বোঝাতে পারব না। এ পুরস্কার আমার জন্য বিরাট পাওয়া। কারণ, আমরা যে সাতজন ছিলাম, সবাই নিজেকে ছাড়িয়ে যাওয়ার মতো।’
অনেক কাঠখড় পুড়িয়ে সেরা সাতে। কী রকম ছিল এই পথ? এবার মিমুর কণ্ঠে দৃঢ়তা। ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকাতে আমার জন্য সহজ ছিল প্রাথমিক ধাপগুলো পার হওয়া। কিন্তু গ্রুমিং সেশনে দেখলাম আরও অনেক কিছু আজানা। প্রশিক্ষকেরা যত্ন নিয়ে বোঝালেন নানা খুঁটিনাটি বিষয়। নিজেকে পরিপূর্ণ করে তোলার এ এক নতুন অধ্যায়। পেশাদারিত্বের জায়গাগুলো ঝালাই হয়েছে বারবার। এতে আমার অভিজ্ঞতা পোক্ত হয়েছে।’ বললেন মিমু।
বিচারক মুনমুন আহমেদ, ফেরদৌস আহমেদ ও মেহের আফরোজ শাওন মিমুকে নিয়ে ছিলেন বেশ উচ্ছ্বসিত। খেতাব জুটেছিল ‘এক্সপ্রেশন কুইন’ নামে। প্রতিযোগিতার একটি রাউন্ডে হুমায়ূন আহমেদের দুই দুয়ারী সিনেমার গান ‘কন্যা নাচিল রে’ গানের সঙ্গে মিমুর নাচ দেখে শাওন বলেই ফেললেন, ‘তোমাকে যদি আগে পাওয়া যেত তাহলে এই গানের চিত্রায়ণের জন্য তোমাকেই বেছে নিতেন হূমায়ুন আহমেদ।’ একটি রাউন্ডে তো মিমুর নাচ দেখে ফেরদৌস আর অতিথি বিচারক রিয়াজ ত্রিভুজ প্রেমের সিনেমা বানানোরই স্বপ্ন দেখলেন। যেখানে রিয়াজ আর ফেরদৌসের নায়িকা হবেন মিমু! তাহলে কী বলা যায় পাকাপাকিভাবে অভিনয়ে ঝুঁকবেন নৃত্যশিল্পী মিমু? বললেন, ‘বড়পর্দায় কাজ করার খুব ইচ্ছে। বিচারকদের কথায় আত্মবিশ্বাস বেড়েছে। মনে হচ্ছে আমি পারব। তবে অবশ্যই তা ভালো ছবি হতে হবে।’
মিমুর অবশ্য মঞ্চজয়ের কাহিনি ছোটবেলা থেকেই। ঘর ভরা পুরস্কারের নানা স্মারক আর সনদে। ২০০৩ সালে ভরত নাট্যমে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেন। ২০০৫ সালে লোক ও নজরুল নৃত্যে জিতেছেন ধ্রুব পরিষদের স্বর্ণপদক। ঝুলিতে আছে সত্যসাহা স্বর্ণপদকও। বঙ্গবন্ধু শিশু-কিশোর প্রতিযোগিতায় পর পর দুবার প্রথম ও দ্বিতীয় হয়েছেন। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় পেয়েছেন শতাধিক পুরস্কার। নাচের পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যাচ্ছেন সমানে। পড়ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির (বিআইএফটি) দ্বিতীয় বর্ষে। অবশ্য পড়ার জন্য এখন থিতু হয়েছেন ঢাকায়। তবে মনটা পড়ে থাকে চট্টগ্রামেই।
আবার আড্ডায় ফিরে আসি। ভালো করতে হলে ঢাকা...। কথাটা মুখ থেকে ফেলতে পারিনি, লুফে নিয়ে বললেন, ‘চট্টগ্রাম কোনো অংশে কম নয়। এখানে নাচের অনেক ভালো শিক্ষক আছেন। তাঁদের কাছে শিখে আজ আমি এই অবস্থানে। আগেও অনেকে চট্টগ্রাম থেকে গিয়ে পুরস্কার জিতেছেন। ভবিষ্যতে দেখবেন এই সংখ্যা আরও বাড়বে।’
এত দূর এলেন, পরে রয়েছে আরও অনেক পথ। কীভাবে চলবেন মিমু? বললেন, ‘আমার কাছে সবার আগে নাচ। তারপর বাকি সব। নিজের ভেতর এই ভিত গড়ে দিয়েছেন বাবা নুর হোসেন ও মা নাজমা হোসেন। তাঁদের প্রেরণা আমার লক্ষ্যে পৌঁছানোর প্রধান সিঁড়ি।’