'এখন সবাই কম সময়ে খ্যাতি চায়'
ফেইম স্কুল অব ডান্স ড্রামা অ্যান্ড মিউজিকের পরিচালক ও কত্থক শিল্পী তিলোত্তমা সেনগুপ্তার পড়াশোনার বিষয় ছিল নাচ। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব কত্থক ডান্সের অর্থাৎ কত্থক কেন্দ্রের স্নাতক তিনি। ১২ সেপ্টেম্বর দীর্ঘ নয় বছর পর মঞ্চে আবার একক কত্থক নাচ পরিবেশন করতে যাচ্ছেন।

প্রথম আলো: নয় বছর পর আবার একক নাচের আসর। এই আয়োজন সম্পর্কে বলুন।
তিলোত্তমা সেনগুপ্তা: শেষবার একক নাচের অনুষ্ঠান করেছিলাম ২০০৫ সালে। এরপর দেশে বিদেশে অনেক আসরে অংশ নিলেও একক নাচে অংশ নিইনি। এবারের আসরে বাদক দলের সঙ্গে নাচ পরিবেশন করবো।
প্রথম আলো: নানা ধ্রুপদি নাচের আসরে অংশ নিয়েছেন । কিন্তু টেলিভিশনে আপনাকে তেমন দেখা যায় না।
তিলোত্তমা সেনগুপ্তা: আমি লখনৌ ঘরানার কত্থক ছাড়া অন্য কোনো নাচ করি না। টেলিভিশনে ধ্রুপদি নাচের অনুষ্ঠান তেমন হয় না। যদি সে ধরনের অনুষ্ঠান হয় অবশ্যই যাব।
প্রথম আলো: চার বছর বয়সে নাচের হাতেখড়ি। এখনো নাচ নিয়ে আছেন...
তিলোত্তমা সেনগুপ্তা: আমার মাসি রীতা দস্তিদারের কাছে নাচের হাতেখড়ি। এরপর নৃত্যগুরু রুনু বিশ্বাস ও তাঁর মেয়ে কৃষ্ণা বিশ্বাসের কাছে নাচ শিখেছি। ১৯৯৪ সালে স্কালারশিপ নিয়ে ভারতের বরোদার এম এস ইউনিভার্সিটিতে যাই পড়তে। সেখান থেকে দিল্লির কত্থক কেন্দ্রে পড়তে আসি। চার বছর নাচের তালিম নিয়েছিলাম পণ্ডিত বিরজু মহারাজ, ভাস্বতী মিশ্রা, কৃষ্ণ মোহন মহারাজ, অর্চিতা মেহেতার কাছ থেকে। এছাড়া গান্ধর্ব মহাবিদ্যালয়ের পদমামদগুল ভাবিজির কাছে সংগীত বিশারদ প্রথম পর্ব শেষ করেছি।
প্রথম আলো: ফেইমের হয়ে ১৬ বছর ধরে নাচের তালিমও দিয়েছেন। কত্থক আয়ত্ব করতে কত সময় লাগে?
তিলোত্তমা সেনগুপ্তা: দীর্ঘদিনের অভিজ্ঞতা হলো এখনকার শিক্ষার্থীরা কম সময়ে খ্যাতি চায়। অথচ কত্থক কেন যেকোনো ধ্রুপদ নাচ মোটামুটি আয়ত্ব করতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে।
প্রথম আলো: কেন কত্থক শিল্পী হলেন?
তিলোত্তমা সেনগুপ্তা: এই নাচের মধ্যে তাল লয়ের খেলা আছে। আছে অভিনয় শৈলি। নাচটা এমন জমজমাট যে সহজে দর্শককে টেনে নেয়।
প্রথম আলো: ভবিষ্যত লক্ষ্য কী?
তিলোত্তমা সেনগুপ্তা: কত্থক নিয়েই থাকতে চাই সারা জীবন। তাছাড়া ফেইমকে একটা প্রাতিষ্ঠানিক জায়গায় দাঁড় করাতে চাই।
সাক্ষাৎকার: আহমেদ মুনির