'এখনই অভিনয়ে আসছি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত সাইমা  ছবি: সৌরভ দাশ
নুসরাত সাইমা ছবি: সৌরভ দাশ

নুসরাত সাইমা। মডেলিংয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। এর মধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করে নজর কেড়েছেন দর্শকদের। ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসেও তাঁর বিজ্ঞাপনচিত্র প্রচারিত হচ্ছে। হাতে রয়েছে আরও বেশ কিছু কাজ। ২২ ডিসেম্বর প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে কথা হয় তাঁর সঙ্গে
এখন ব্যস্ততা
বিজ্ঞাপনচিত্র নিয়ে ব্যস্ত সময় কাটছে। এর মধ্যে শেষ করেছি প্রাণের মিস্টার নুডুলসের দ্বিতীয় পর্ব ও প্রাণ লাচ্ছা সেমাইয়ের দুটি বিজ্ঞাপনচিত্রের কাজ। আরও কয়েকটির ব্যাপারে কথা চলছে। এখনো ঠিক করিনি কবে কাজ শুরু করব। এ ছাড়া প্রায় প্রতি মাসেই দুই-তিনটি ফ্যাশন শোতে অংশ নিচ্ছি। এ জন্য ঢাকা-চট্টগ্রাম আসা–যাওয়া চলছে। সমানতালে চলছে ফটোশুটও।
যেভাবে শুরু
শুরুটা ২০০৩ সালে র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। আমি তখন অষ্টম শ্রেণির ছাত্রী। আমার এক আপুর (মডেল রবি) মাধ্যমে বিজিএমইএর (বাংলাদেশে পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন) ফ্যাশন শোতে অংশ নিই। সেই শুরু। প্রথম শোতে আমার কোনো জড়তা কিংবা নার্ভাসনেস ছিল না। সাবলীলভাবেই ক্যাটওয়াক করে গেছি। এরপর এখন মডেলিংকেই পেশা হিসেবে নিয়েছি। তবে ছোটবেলা থেকে কখনো ভাবিনি আমি মডেল হব।

সাফল্যের ঝুলি

স্টার লিডের আয়োজনে চট্টগ্রামে আয়োজিত র‍্যাম্প​ শোতে ২০১১ ও ২০১২ সালে পর পর দুবার সেরা মডেল হয়েছি। অবশ্য খুব বেশি প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়নি। তবে অর্জন বলতে মনে করি দর্শকের ভালোবাসা। একজন শিল্পী হিসেবে দর্শকের মন জয় করাটাই আসল। বিভিন্ন টেলিভিশন ও স্টার প্লাসে বিজ্ঞাপনচিত্র প্রচারিত হওয়ার পর কোথাও গেলেই সবাই কথা বলে। ছবি তুলতে চায়। ব্যাপারটা আমাকে আনন্দ দেয়। এটা ভাবতে ভালো লাগে যে দর্শকেরা আমাকে মনে রেখেছে।

অভিনয়ের প্রস্তাব পেলে...

ইতিমধ্যে সিনেমা ও নাটকে কাজ করার জন্য প্রস্তাব পেয়েছি। কিন্তু এখনই অভিনয়ে আসছি না। এর আগে নিজেকে আরও পোক্ত করতে চাই। খুঁটিনাটি অনেক বিষয় রপ্ত করছি। এরপর অভিনয়ে আসার চিন্তা আছে।

ভবিষ্যতের পথে...

মডেলিং থাকবে। পেশাজীবনে নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করব। এ জন্য আগে পড়ালেখা শেষ করছি। স্নাতক শেষ হয়েছে, স্নাতকোত্তরে ভর্তি হব।

সাক্ষাৎকার: আশরাফ উল্লাহ