‘এখনো মানুষ মানুষের জন্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা হিসেবে ‘মিথ্যা পরিচয়’ দিয়ে নগরের খুলশী থানাধীন একটি বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ভূমিকা রাখার চেষ্টা করেন হাসানুল হক (ছদ্মনাম)। হাসানুল হকের সঙ্গে অনেক আগেই ওই বিদ্যালয়ের এক শিক্ষকের দ্বন্দ্ব চলছিল। নির্বাচনের আগ মুহূর্তে এই দ্বন্দ্ব-বিরোধ কাজে লাগান ওই শিক্ষক। কিন্তু ছোটবেলা থেকে যে মেয়েটিকে লালন-পালন ও পড়াশোনার দায়িত্ব নেন হাসান, তা চাপা পড়ে যায়। মামলা হয় হাসানের বিরুদ্ধে। আদালতে অভিযোগ গঠনের শুনানির পর হাসানকে অব্যাহতি দেওয়া হয়। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো: আসামির কৌঁসুলি বলেন, ‘একটি অসহায় মেয়েকে সাহায্য করে ধর্ম পিতার ভূমিকায় অবতীর্ণ হওয়ায় এই মামলায় জড়িয়ে পড়েন হাসান। প্রতারণা, মিথ্যা পরিচয় কিংবা জালিয়াতির কোনো অভিপ্রায় ছিল না তাঁর। তাই আসামির অব্যাহতির নিবেদন করছি।’ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ‘ধর্মপিতা কিংবা দত্তকের মাধ্যমে বাবা হওয়ার সুযোগ মুসলমান ধর্মে নেই।’ তাই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠনের আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। মামলার এজাহার, প্রতিবেদন, ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় সংশ্লিষ্ট জবানবন্দি পর্যালোচনা করা হলো। যাকে কেন্দ্র করে মামলা সেই মেয়েটির নাম শারমিন শম্পা (ছদ্মনাম)। শম্পা জবানবন্দির এক পর্যায়ে বলেন, ‘আমার বাবা মারা যাওয়ার পর মায়ের কাছে হাসানুল হককে (ছদ্মনাম) বাবা বলে জেনে আসছি। সেই ছোটবেলায় আমার আসল বাবা মারা যান। হাসানুল হক বাবার মতো প্রথম শ্রেণী থেকে আমার পড়াশোনার দায়িত্ব পালন করে আসছেন। পরে আমার মায়ের কাছে শুনেছি হাসান সাহেব আমার আসল বাবা নন। তবে আমার মায়ের সঙ্গে পরিচয় হওয়ার সুবাদে এবং ছোটবলায় আমার বোধশক্তি না হওয়া থেকে তাঁকে (হাসান) বাবা হিসেবে মেনে আসছি।’ মহানগর হাকিম এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’ নামের ছোট গল্পের কিছু উদ্ধৃতি দেন। এতে বলা হয়, ‘....ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া, কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের পেঁটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষাবস্ফািরিত নদী ধরণীর উচ্ছলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল, তখন হূদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন—একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল, ‘ফিরিয়া যাই, জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি’—কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে-এবং নদীপ্রবাহে ভাসমান পথিকের উদাস হূদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার...।’ আদেশে বলা হয়, মেয়েটির বক্তব্য পড়ে মনে হয়েছে, এই পৃথিবীতে এখনো মানুষ মানুষের জন্য। এ প্রসঙ্গে আদেশে লেখক মারিয়ো পুজোর ‘গড ফাদার ’ উপন্যাসের একটি চরিত্রের উদ্ধৃতি দেন। এতে বলা হয়, কর্লিয়নি চরিত্রের কারণে ‘গড ফাদার’ বা ‘ধর্মপিতা’ শব্দটির নেতিবাচক ধারণা পৃথিবীজুড়ে বিস্তার লাভ করে। কিন্তু অনেক অসহায় মানুষের জন্য ‘ধর্মপিতা’ মঙ্গলজনক কাজও করে। যাই হোক, সাধারণভাবে গড ফাদার বা ধর্মপিতার একটি নেতিবাচক ব্যঞ্জনা থাকলেও প্রকৃতপক্ষে শব্দটি ইতিবাচক এবং মহত্বেরও ইঙ্গিতবাহক। এই মামলার আসামি ‘ধর্মপিতার’ ভূমিকায় অবতীর্ণ হতে গিয়ে একটি তথ্য সংক্রান্ত ভুল করেছেন বলে মনে হয়। অভিযোগ গঠনের এই পর্যায়েও এই আদালত ধারণা করতে পারছে যে, একটি মহৎ উদ্দেশ্যের জন্য কৃত ভুল অপরাধের আওতায় এনে অভিযোগ হিসেবে গণ্য করা যথাযথ হবে বলে মনে হয় না। সার্বিক বিবেচনায় আসামিকে অব্যাহতি দেওয়া হলো।