‘এগগ্যান গর বানেই দিলি হব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাইনজত্তুন মাগি পেত পোড়ানা গম গরং। মত্তুন হোন গর নেই, এগগ্যান বাঙা চালাত থেই। বৈয়ের এলে দরে দরে গুজি থেই। এগগ্যান গর বানেই দিলি হব আর হিচ্ছু ন চাং।’ (মানুষের কাছে ভিক্ষা করে ক্ষুধার জ্বালা মেটাই। আমাদের কোনো ঘর নেই, একটা ভাঙা চালাতে থাকি। বাতাস এলে ভয়ে ভয়ে গুঁজে থাকি। একটা ঘর বানিয়ে দিলে হবে। আর কিছু চাই না।) চাকমা ভাষায় কথাগুলো বলছিলেন আদিবাসী দুই ভিখারি দৃষ্টিপ্রতিবন্ধী আব্দুল্যা চাকমা (৭০) ও গন্ডাবী চাকমা (৬৮)। তাঁরা স্বামী-স্ত্রী। বাংলা বুঝলেও বলতে পারেন না। বাড়ি খাগড়াছড়ির দীঘিনালার বানছড়ামুখ আমতলা গ্রামে। তাঁদের কোনো সন্তান নেই, জায়গা-জমিও নেই। মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে পেট চালান। অসুস্থতার কারণে যেদিন ভিক্ষা করতে বের হতে পারেন না, সেদিন উপোস থাকতে হয়। তাঁদের আকুতি শুধু একটি—মাথা গোঁজার ঠাঁই। ২২ মার্চ উপজেলা সদরে ভিক্ষা করতে এলে এ আদিবাসী দম্পতির সঙ্গে কথা হয়। দৃষ্টিপ্রতিবন্ধী আব্দুল্যা চাকমা জানান তাঁর দৃষ্টি হারানোর কাহিনি। তিনি বলেন, ‘আমি জন্মগত অন্ধ নই। পাঁচ বছর বয়সে একবার পেটের পীড়া (ডায়রিয়া) হয়। বাবা ও মা আমার ডায়রিয়া ভালো করতে বৈদ্যের কাছে গিয়ে লতাপাতার ওষুধ আনেন। কয়েক দিনের মধ্যে আমার ডায়রিয়া ভালো হলেও চোখ দুটি অন্ধ হয়ে যায়।’ গন্ডাবী চাকমা বলেন, ‘আমার বাবা সুকান্ত চাকমা ও মা বাক্কোরী চাকমাও অনেক আগে মারা গেছেন। আমাদের একই গ্রামে বসবাস এবং দুই পরিবারই গরিব। তাঁকে ভালো লাগত বলে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়। আমাদের পৈতৃক ভিটায় যে বাড়ি ছিল তা অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। সকালে ভিক্ষার উদ্দেশে বের হয়ে বিকেলে ফিরি। যেদিন ভিক্ষা পাই সেদিন খেতে পারি। শরীরে অসুখ লাগলে ভিক্ষা করতে বের হতে না পারলে সেদিন দুজনেই না খেয়ে থাকি। তবুও আমাদের মনে কোনো না খাওয়ার কষ্ট নেই। শুধু কষ্ট, রাতে শান্তিতে ঘুমাতে পারি না। একচালার ভাঙা ঘর, সামান্য বাতাস এলে ঘরটি হেলে পড়ে। দুজনেই এখন বৃদ্ধ, জীবনে আর বাঁচব কয় দিন। আমরা আর কিছু চাই না, আকুতি একটি মাথা গোঁজার ঘর।’ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নেত্র স্বপন চাকমা বলেন, ‘তাঁদের মাঝেমধ্যে আমিও চাল-ডাল দিয়ে সাহায্য করি। একটি ঘর করে দেওয়া অবশ্যই প্রয়োজন। কিন্তু ঘর করে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। সমাজের বিত্তবানদের কাছে আবেদন জানাই, যাতে এ দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর তৈরিতে সাহায্য করেন।’উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিৎ চাকমা বলেন, ‘আব্দুল্যা চাকমাকে দৃষ্টিপ্রতিবন্ধী ভাতা এবং গন্ডাবী চাকমাকে বয়স্ক ভাতার জন্য তালিকাভুক্ত করা হয়েছে।’