'এগিয়ে যাওয়াই হোক তারুণ্যের শক্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় আয়োজিত বার্ষিক আন্তক্রীড়া ও ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী এক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় আয়োজিত বার্ষিক আন্তক্রীড়া ও ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী এক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী

সময় এখন ঘরে বসে থাকার নয়। নিজের সৃষ্টিশীলতার ডানায় ভর করে সাফল্যের শিখরে যেতে হবে। সফলতা পেতে হলে চাই প্রাণবন্ত চেষ্টা। চলার পথে বাধা আসতেই পারে। সেই প্রতিবন্ধকতা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াই হোক তারুণ্যের শক্তি।
গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় আয়োজিত বার্ষিক আন্তক্রীড়া ও ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব ও ফটোগ্রাফি সোসাইটি যৌথভাবে নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত প্রশাসনিক ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্বজিৎ চৌধুরী বলেন, তরুণদের সঠিকভাবে বিকশিত করা গেলে তাঁরা দেশের জন্য সুনাম বয়ে আনবেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরাই। অর্থনীতিতেও তরুণদের স্বাবলম্বী হতে দেখা যাচ্ছে। ময়মনসিংহের গারো পাহাড়ের মেয়েরা যদি দেশের বাইরে গিয়ে চ্যাম্পিয়ন হয়, তাহলে বোঝা যায়, সামনে কতটা সুদিন আসছে বাংলাদেশের।
তিনি আরও বলেন, খেলাধুলার জন্য এখন খোলা মাঠ নেই। শহরটা ছোট হয়ে যাচ্ছে। একটু বাতাস নেওয়ার সুযোগ কমে আসছে। সৃষ্টিশীল কাজে প্রতিবন্ধকতা থাকলে সেখানে সাফল্য আসে না। এই বিষয়ে পরিবেশ নিশ্চিত করতে হবে। তরুণদের ভুলে যেতে হবে সব ধরনের হতাশা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, তরুণদের অনেক কিছু দেওয়ার আছে। তাদের দিকে চেয়ে আছে পুরো জাতি। আমি আশা করব, তারা সঠিক পথে দেশ পরিচালনায় নিজেদের গড়ে তুলবে। কারণ তারুণ্য আমাদের প্রাণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার শামসউদ দোহা, সহযোগী ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রক্টর শাহ আহমেদ, সহকারী অধ্যাপক তাবাসসুম চৌধুরী, ক্লাব উপদেষ্টা মোরশেদুল আরেফীন, রবিউল হোসাইন প্রমুখ।