‘এনবিআর, অর্থ মন্ত্রণালয় ও এসইসির সুস্পষ্ট ঘোষণা আসা উচিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের সাম্প্রতিক অস্থিতিশীলতার কারণ ও এ থেকে উত্তরণে করণীয় বিষয়ে বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ফিন্যান্স বিভাগের শিক্ষক ও শেয়ারবাজার বিশ্লেষক সালেহ জহুর। শেয়ার বাজারে স্থিতিশীলতা আনতে প্রথম জরুরি হচ্ছে বিনিয়োগকারীদের সচেতন ও আশ্বস্ত করা। এর জন্য এনবিআর, অর্থ মন্ত্রণালয় ও এসইসির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি সুস্পষ্ট ঘোষণা আসা উচিত। এ মুহূর্তে এ ধরনের একটি পদক্ষেপ খুবই জরুরি।বর্তমান বাজার অস্থিতিশীলতার অন্যতম কারণ হচ্ছে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মধ্যে অসামঞ্জস্যতা ও সমন্বয়হীনতা। কারণ, প্রতিটি বাজারের জন্য একটি স্লোগান থাকে। আর তাতে নির্ধারিত থাকে বাজারের নীতিমালা এবং সেভাবেই চলতে হয় তাকে। ইতিমধ্যে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থা গড়ে উঠছিল কালো টাকা বিনিয়োগের বিষয়ে এনবিআরের বক্তব্য ও সরকারি কর্মকর্তাদের বিনিয়োগের বিধিনিষেধের খবরে, তাতে আবার চিড় ধরে। কাজেই এসব বিষয় বিবেচনা করে দেখা দরকার। কারণ, এ ধরনের পরিস্থিতিতে কেউ অনাকাঙ্ক্ষিত সুযোগ নিতে পারে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে এ ধরনের কোনো সুযোগ কাউকে দেওয়া উচিত বলে আমি মনে করি না।আমি মনে করি, পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে কেবল অর্থ মন্ত্রণালয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউসের কর্মকর্তা-কর্মচারী ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের (সামরিক-বেসামরিক) বিনিয়োগের সুযোগ দেওয়া উচিত। এটা তাঁদের অধিকার। কোনো ফুলটাইম ব্যবসার পর্যায়েও পড়ে না এটি।বাজারের স্থিতিশীলতার জন্য দরকার কঠোর নজরদারি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। কারণ, মার্চেন্ট ব্যাংকার ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এখনো শেয়ারবাজারে আশানুরূপ অংশগ্রহণ করছে না। এসব প্রতিষ্ঠানকে বাজারে আনার উদ্যোগ নিতে হবে। দুটি স্টক এক্সচেঞ্জে শেয়ারের দাম মূল্যায়নের জন্য একটি কমিটি থাকা উচিত। কোনো শেয়ারের দাম অযৌক্তিকভাবে বাড়লে বা কমলে তাঁরা একই সঙ্গে দুটি স্টক এক্সচেঞ্জেই একই সময়ে তার লেনদেন বন্ধ করে দেবেন। এতে করেও বিনিয়োগকারীদের ক্ষতি কিছুটা পুষিয়ে আনা যাবে।