১০ এপ্রিল ১৯৭১। গ্রীষ্মের নিস্তব্ধ দুপুরে হাটহাজারীর ফতেয়াবাদের ছড়ারকুলে হঠাৎ হানা দেয় পাকিস্তানি বাহিনী। নির্বিচারে হত্যা করে সাধারণ মানুষজনকে। মুক্তিযুদ্ধের পর ১৮ জন শহীদের তালিকা পাওয়া গেলেও প্রত্যক্ষদর্শীদের মতে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি। ওই এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা ও হাটহাজারী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আহমেদ হোসেন খান খুব কাছ থেকে দেখেছেন সেদিনকার গণহত্যার দৃশ্য। ঘটনার বিবরণ তুলে ধরলেন তাঁর জবানিতে—
ফতেয়াবাদের প্রতিরোধ: ১৯৭১ সালে আমার বয়স ছিল ১৬ বছর। অসুস্থতার কারণে দুবছর স্কুলে যাইনি। পড়তাম ফতেয়াবাদ স্কুলের অষ্টম শ্রেণীতে। বাবা আবদুল করিম দ্বিতীয় মহাযুদ্ধের সময় কর্মরত ছিলেন ব্রিটিশ নৌবাহিনীতে। যুদ্ধের পর অবসর নিয়ে ফতেয়াবাদ স্কুলে বিজ্ঞানের ডেমনস্ট্রেটর হিসেবে কর্মরত ছিলেন। ফতেয়াবাদ স্কুলের পাশেই ছিল আমাদের বাসা। অল্প দূরেই ছিল পাহাড়ঘেরা ক্যান্টনমেন্ট। আমি তখন ভালোভাবেই রাজনীতিতে জড়িয়েছি। মার্চজুড়ে গোটা হাটহাজারী ছিল মিছিল-মিটিংয়ে উত্তাল। সেই সময় আমিও নিয়মিত অংশ নিতাম সেসব সভা-সমাবেশে।
২৫ মার্চ রাতে ক্যান্টনমেন্ট থেকে গুলির শব্দ শুনতে পাই। পরদিন ২৬ মার্চ ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআরের (বর্তমানে বিজিবি) সদস্যরা বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অস্ত্র নিয়ে হাটহাজারী আসতে থাকেন। ইপিআর এবং সাধারণ জনতা মিলে তৈরি করে প্রতিরোধ। এই সময় একরকম অবরুদ্ধ হয়ে পড়ে ক্যান্টনমেন্টে অবস্থানরত পাঞ্জাবি সেনারা। ২৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ইপিআর এবং জনতার এই প্রতিরোধ টিকে ছিল। কিন্তু ১০ এপ্রিল দুপুরে পাহাড়ি রাস্তা দিয়ে হঠাৎ হাজির হয় পাঞ্জাবি সেনা ও বিহারিরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় নির্বিচার গণহত্যা।
সেদিনের কথা: সেদিন তখন দুপুরের খাবার খাচ্ছিলাম আমরা। হঠাৎ গোলাগুলির শব্দ শুনে বাইরে এসে দেখি লোকজন পালাচ্ছে। জানাতে পারলাম, ছড়ারকুলে আক্রমণ করেছে পাকিস্তানি বাহিনী। আমি কবরস্থানের জঙ্গলে লুকিয়ে দেখলাম, একটি জিপগাড়িতে করে পাঞ্জাবি সেনারা এসে এলাকার আবুল সওদাগরের দোকান থেকে চার ব্যারেল জ্বালানি তেল নিয়ে পশ্চিমপাড়ার দিকে চলে গেল। পরে সন্ধ্যায় সদর রাস্তায় গিয়ে দেখি চারদিকে ধ্বংসের দৃশ্য। আশপাশের বেশ কিছু হিন্দুবাড়ি আগুনে জ্বলছিল। রাস্তায় টহল দিচ্ছিল সেনারা। মাঠে পাঞ্জাবি সেনারা চোখের সামনে গুলি করে মারে রণজিৎ ড্রাইভারকে। আগুন দেওয়া হয়েছিল শ্রীমন্ত পাল, অসীম নন্দী, নির্মল নন্দীসহ অনেকের বাড়িতে। হিন্দুপাড়া ভেবে মুসলিমপাড়ায়ও হামলা চালিয়েছিল পাকিস্তানি বাহিনী।
অনেকেই সেদিন গণহত্যার শিকার হয়েছিলেন। এ ছাড়া সড়ক দিয়ে পালাতে থাকা লোকজনও মারা পড়েছিল পাকবাহিনীর হাতে।
যুদ্ধ শেষ হলে ছড়ারকুল এলাকার যে ১৮ জন শহীদের নাম পাওয়া যায় তাঁরা হলেন—বজল আহাম্মদ, মঙ্গল চাঁন, চুনু মিঞা, ইসমাইল, ইউনুস, নুরুল ইসলাম, সুলতান আহাম্মদ, আহাম্মদ কবির, আনু মিঞা, রাবেয়া খাতুন, নাজমা আক্তার, রাফিয়া খাতুন, মেহের আলী, তোফাজ্জল হোসেন, নুরুল ইসলাম, মো. ইউনুস, কামাল হোসেন ও ফাতেমা বেগম।
এই ঘটনার পর আমরা পরিবারসহ হাটহাজারীর মাদার্শা এলাকায় পালিয়ে চলে আসি। বয়স কম হওয়া সত্ত্বেও সিদ্ধান্ত নিই পাকবাহিনীর এ হামলার জবাব দিতে হবে।
এপ্রিলে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাই। এরপর প্রশিক্ষণ নিয়ে এক নম্বর সেক্টরের অধীনে যুদ্ধে যোগ দিই। স্বাধীনতার এত বছর পর এখনো এপ্রিলের সেই দিনটির কথা মনে পড়ে। ভুলতে পারি না সেই দুঃসহ স্মৃতি।