‘এবং কান্না’ এবার চট্টগ্রামে
রাজধানীর অভিজাত কবরস্থানে দাফন ও দেখাশোনার দায়িত্ব পালন করেন মওলানা আফাজ আলী। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, নিজের সন্তানের লাশ দাফনের সময় তিনি হাজির হতে পারেন না। শহরে ফিরেও সন্তানের মৃত্যুসংবাদ তিনি কাউকে জানান না। ছেলের বয়সী অন্য এক তরুণের কবরে মোনাজাতে দাঁড়ান আফাজ। বাবার বুকফাটা আহাজারি ধ্বনিত হয় আকাশে বাতাসে।বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প ‘কান্না’ অবলম্বনে তৈরি হয়েছে ...এবং কান্না চলচ্চিত্র। ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। এ উপলক্ষে গতকাল শনিবার ফুলকি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পূর্ণদৈর্ঘ্যের এবং কান্না চলচ্চিত্র নির্মাণের সময় পরিচালক মারুফ হোসেন একই কাহিনি নিয়ে স্বল্প দৈর্ঘ্যের একটি চলচ্চিত্রও নির্মাণ করেন। সংবাদ সম্মেলনে প্রদর্শিত হয় কান্না নামের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রটিও। সংবাদ সম্মেলনে এ দুটি ছবি নির্মাণকারী সংগঠন সৃষ্টিগড়ের কুশীলবেরা শোনান চলচ্চিত্র নির্মাণের পেছনের গল্প।প্রধান সহকারী পরিচালক শমী সুহূদ বলেন,...এবং কান্না নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ভাবনা মাথায় আসে। মারুফ হোসেন পরিচালিত চলচ্চিত্র দুটি ঢাকায় প্রদর্শিত হয়েছে। পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রে গল্পের মূল কাহিনি থেকে কিছুটা সরে এসেছিলেন পরিচালক। চলচ্চিত্রের নিজস্ব ভাষা নির্মাণের দায়বদ্ধতা থেকেই এমনটা করতে হয়েছে। এ কারণে মূল গল্পের সরাসরি অনুসরণে স্বল্প দৈর্ঘের কান্না চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক। পরিচালক মারুফ হোসেন বলেন, ‘চলচ্চিত্র তৈরির স্বপ্ন নিয়েই ২০ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফেরা। ডিজিটাল ফরমেটে নির্মাণ করি... এবং কান্না। সাম্প্রতিক সময়ের মানবিক সংকট ছবিতে তুলে ধরতে চেয়েছি।’ বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণের চেয়ে প্রদর্শন অনেক বেশি কঠিন বলে তিনি মন্তব্য করেন। শিল্পী ঢালী আল মামুন বলেন, ‘সাহিত্যভিত্তিক চলচ্চিত্র নির্মাণ খুব কঠিন। কারণ, পাঠকের মনে গল্প বা উপন্যাসের একটা ছবি আগে থেকেই ধরা থাকে। তাকে অনুসরণ করেই এগোতে হয়। এ কারণে এই ধরনের চলচ্চিত্র নির্মাণ কঠিন। কঠিন এই পথে সফল হয়েছেন মারুফ হোসেন।’ ২৩ ফেব্রুয়ারি থেকে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টা, বেলা আড়াইটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।