'এস এম ইউসুফ ছিলেন অনেক নেতার জনক'
একজন সাধারণ পরিবারের সন্তান এস এম ইউসুফ নিজ যোগ্যতায় জাতীয় নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিলেন। কোনো লোভ-লালসার কাছে তিনি নত হননি। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনুগত ছিলেন। তিনি শুধু নেতা ছিলেন না, অনেক নেতার জনক ছিলেন। স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অনন্য ভূমিকার কারণে সবার হৃদয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও গবেষণা সম্পাদক, অবিভক্ত চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের বিএলএফ কমান্ডার, মুক্তিযোদ্ধা জননেতা এস এম ইউসুফের শোকসভায় বক্তারা এ কথা বলেন।
১২ ফেব্রুয়ারি রোববার বিকেলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরানের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। তিিন বলেন. এস এম ইউসুফ নেতা গড়ার কারিগর ছিলেন। ৭৫ পরের দুঃসময়ে এস এম ইউসুফ রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন। জাদুকরী নেতৃত্ব ও নৈতিক শক্তিতে বলীয়ান ছিলেন তিনি।
সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, একজন সাধারণ পরিবারের সন্তান হয়েও এস এম ইউসুফ নিজ যোগ্যতায় জাতীয় নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিলেন। কোনো লোভ-লালসার কাছে তিনি নত হননি। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনুগত ছিলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি