প্রথম পক্ষ আবদুস সামাদ (ছদ্মনাম) ও দ্বিতীয় পক্ষ লায়লা জামানের (ছদ্মনাম) সংসার সুখের ছিল। একপর্যায়ে স্ত্রীকে তালাকের নোটিশ পাঠান সামাদ। পরে দুই পক্ষের মুরুব্বিদের সমঝোতায় তালাকের নোটিশ প্রত্যাহার করতে সম্মত হন সামাদ। এ বিষয়ে সম্প্রতি আইনগত সিদ্ধান্ত দেন চট্টগ্রাম মহানগর হাকিম ও সিটি করপোরেশনের সালিসি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমান। তা তুলেধরেছেন একরামুল হক‘প্রথম পক্ষ হাজির হয়ে তালাক নোটিশ প্রত্যাহারের আবেদন করেন। দ্বিতীয় পক্ষ তাতে একমত পোষণ করেন। তালাক নোটিশের সঙ্গে সংযুক্ত হলফনামায় দেখা যায়, প্রথম পক্ষ তাঁর স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ আনেন। এ জন্য তিনি স্ত্রীকে তালাক দেন। বর্তমান কার্যক্রমে সত্য-মিথ্যা যা-ই হোক না কেন, এসব অনৈতিক কাজ সমাজে আশঙ্কাজনকহারে বাড়ছে। সচেতন ব্যক্তি মাত্রই এ বিষয়ে অবগত আছেন। স্বামী-সংসার কিংবা স্ত্রী-পুত্র-কন্যা থাকার পরও অনেক পুরুষ বা মহিলা কোনো এক রহস্যময় কারণে কিংবা মনোদৈহিক আকর্ষণের কারণে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়ছেন। এতে ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে সংসারের সাজানো বাগান। একটা বিষয় খুবই সুখের যে, এ তালাক নোটিশের পক্ষরা নিয়তির ঝড়ের কাছে পরাস্ত হয়নি। সমাজের গণ্যমান্য ব্যক্তি ও উভয়পক্ষের ইতিবাচক ভূমিকার কারণে আবদুস সামাদ ও লায়লা জামানের জীবনে দেখা দিয়েছে আবারও নতুন সূর্যোদয়, নতুন আলোর ঝলকানি। তাঁদের এ মিলন সমাজের আরেকটা চমৎকার দিকেরও সন্ধান দেয়। তা হলো, সমাজে এখনো বয়স্ক ও মুরুব্বিদের অবদান রাখার সুযোগ আছে। সামাজিক অস্থিরতা, পারিবারিক বিচ্ছেদ ও বিভিন্নমুখী অসংগতি দূরীকরণে প্রবীণ মানুষেরা কার্যকর ভূমিকা রাখতে পারেন। হারিয়ে যেতে বসা সামাজিক মূল্যবোধের এ দুঃসময়ে উভয়পক্ষের মিলন যেন নিকষ অন্ধকারে আলোক বিচ্ছুরণ। আর আবদুস সামাদ ও লায়লা জামান যেন পরস্পরকে বলছেন, ‘‘এস জ্যোৎস্না আলোক-নিশীথে/এস নব-নব তরুবীথিতে/এস উজ্জ্বল গীত ধারা/এস আকুল স্বপন-পারা/এস হূদয়ে এস বাহিরে/এস তুষিতে, এস তৃষিতে।’’ আইনগত বাধা না থাকায় তালাক প্রত্যাহারের আবেদন মঞ্জুর হলো।’