'এসব জানা লাগে না এমনিই হয়'

‘পোজনন (প্রজনন) স্বাস্ত! হেইডা আবার ক্যামন কতা। আমি এইডা হুনি নাই। আমি এইডা জানি না।’ প্রজননস্বাস্থ্য সম্পর্কে ধারণা আছে কি না, জানতে চাইলে এভাবেই বলে ১৫ বছরের কিশোরী লিমা। সে থাকে বাবা-মায়ের সঙ্গে মিরপুরের কালশী বস্তিতে।
৪ আগস্ট কথা হয় লিমার সঙ্গে। তাকে তখন এই প্রতিবেদক বুঝিয়ে বলেন প্রজননস্বাস্থ্য বিষয়ে—কেন বিষয়টা জানা জরুরি, কেন প্রজনন অঙ্গের যত্ন দরকার, যত্ন না নিলে কী কী রোগ হয়। প্রজননস্বাস্থ্য সম্পর্কে শোনার পরেই কেমন লজ্জায় কুঁকড়ে যায় লিমা। যেন সে কোনো নিষিদ্ধ কথা শুনছে। একপর্যায়ে ঘর ছেড়ে চলে যায় ।
সোহরাওয়ার্দী উদ্যানের এক ঝুপড়িঘরে স্বামীসহ থাকে এক পুত্রসন্তানের মা ১৪ বয়সী রুমা। বাল্যবিবাহের শিকার এ কিশোরী সন্তান জন্ম দিলেও জানে না প্রজননস্বাস্থ্য বিষয়ে। রুমার স্বামী টোকাই ইসমাইলের বয়স ১৭। ইসমাইল বলে, ‘এসব জানা লাগে না। এমনিই হয়।’ রায়েরবাজার বস্তির ১৪ বছর বয়সী তানিয়া জানে না প্রজননস্বাস্থ্য কী। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা তানিয়া বলে, ‘ইশকুলে স্যার-ম্যাডামরা এইটা পড়ায় নাই। জানুম ক্যামনে।’
মোহাম্মদপুর বসিলা বস্তিতে থাকে ১৬ বছরের রাসেল। প্রজননস্বাস্থ্য সম্পর্কে জানে কি না, জিজ্ঞাসা করলে কতক্ষণ ভাবলেশহীন চোখে চেয়ে থাকে। তারপর বোঝেনি জানিয়ে বলে, ‘আবার কন।’ আবার বলা হলে রাসেল বলে, ‘আমি জানি না।’ রাসেলকে এ বিষয়ে বলতে শুরু করতেই সে পালিয়ে যায়। ছেলেদের সঙ্গে এসব বিষয়ে কথা বলা উচিত নয় বলে রাগ করেন রাসেলের মা। তিনি বলেন, ‘মাইয়া মানুষ হইয়া পোলাগো সঙ্গে এসব কথা কওন ভালা না।’
লিমা, তানিয়া, ইসমাইল বা রাসেলের মতো আমাদের দেশের অনেক কিশোর–কিশোরী প্রজননস্বাস্থ্য সম্পর্কে কিছু জানে না। কালশী বস্তি, মিরপুর তুরাগ নদসংলগ্ন বস্তি, মোহাম্মদপুর বসিলা বস্তি, রায়েরবাজার বস্তি, তেজগাঁও রেললাইন বস্তি ঘুরে দেখা যায়, সেখানে কিশোর-কিশোরীদের কোনো ধারণা নেই প্রজননস্বাস্থ্য বিষয়ে। কোনো স্বাস্থ্যকর্মী বস্তিতে এসে তাদের এ সম্পর্কে কিছু জানায়নি। তারা কখনো প্রজননস্বাস্থ্যগত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যায় না।
তবে শুধু স্বল্পশিক্ষিত বা দরিদ্র কিশোর-কিশোরীরাই নয়। পড়ালেখা করছে এবং অবস্থাপন্ন পরিবারের সন্তান এমন কিশোর-কিশোরীদেরও তেমন কোনো ধারণা নেই প্রজননস্বাস্থ্য সম্পর্কে। রাজধানীর একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ছে আফসানা। সে জানায়, তাদের পাঠ্যপুস্তকে এ বিষয়ে একটি অধ্যায় থাকলেও তা পড়ানো হয় না। ফলে এ ব্যাপারে সে তেমন কিছু জানে না। তবে নবম শ্রেণিপড়ুয়া ১৪ পার হওয়া লাবণ্য প্রজননস্বাস্থ্য কী, তা জানে। তবে বিষয়টি সে এখনো ভালোভাবে বোঝে না। বিদ্যালয়ে পড়ানোর সময় বিষয়গুলো ব্যাখ্যা করেনি, কেবল পড়িয়েছে। দশম শ্রেণির শিক্ষার্থী ১৫ বছরের রিমনেরও তেমন ধারণা নেই প্রজননস্বাস্থ্য বিষয়ে।