'এসো মাদকমুক্ত জীবন গড়ি'
তখন দুপুর ১২টা। মিলনায়তন মুখর শিক্ষার্থীদের পদচারণে। সঞ্চালক মাইক্রোফোনে ফুঁ দিতেই থেমে যায় কোলাহল। ‘কেমন আছো সবাই?’ প্রশ্ন করতেই সমস্বরে উত্তর ‘ভালো আছি’। এরপর পিনপতন নীরবতা। শুরু হলো মাদকের সর্বনাশা কাহিনি। মাদকের ভয়াবহতা ছুঁয়ে যায় কিশোর-কিশোরীদের হূদয়।
গত মঙ্গলবার নগরের আগ্রাবাদ এলাকার কলকাকলী উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘এসো মাদকমুক্ত জীবন গড়ি’ শিরোনামের অনুষ্ঠান। এ আয়োজনে শিক্ষার্থীরা জেনে নিল মাদকের ভয়ংকর পরিণতি সম্পর্কে। সেই সঙ্গে শপথ নিল মাদকমুক্ত জীবন গড়ার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম উপ-অঞ্চল ও প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রামের যৌথ উদ্যোগে মাদকাসক্তমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজন করা হয় এ কর্মসূচি। ৭ ও ৮ অক্টোবর সচেতনতামূলক এ কর্মসূচির প্রথম পর্যায়ের আসর বসেছিল নগরের চারটি বিদ্যালয়ে।
গত সোমবার মাদকবিরোধী সচেতনতামূলক এ আয়োজনের প্রথম আসর বসেছিল নগরের দুটি বিদ্যালয়ে। সকালে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ এবং বিকেলে কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম উপ-অঞ্চলের অতিরিক্ত পরিচালক খুশী মোহন বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও মাদকের পরিণতি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের আয়োজনে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম চৌধুরী, মাদকবিরোধী সংগঠন ‘প্রতিজ্ঞা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম ও চট্টগ্রাম বন্ধুসভার যুগ্ম সম্পাদক ফাহিম উদ্দিন। এখানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান শিক্ষক খায়রুজ্জামান। কলেজিয়েট স্কুলে বক্তব্য দেন সহকারী শিক্ষক সাহেদ মাহমুদ ও চট্টগ্রাম বন্ধুসভার ক্রীড়া সম্পাদক রাহাত আলী। শপথবাক্য পাঠ করান সহকারী শিক্ষক আনিছ ফারুক।
সচেতনতামূলক এ আয়োজনের দ্বিতীয় দিন সকালে কলকাকলী উচ্চবিদ্যালয়ে নোঙর ফেলেছিল বন্ধুরা। এখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম উপ-অঞ্চলের উপপরিচালক (মেট্রো) মুকুল জ্যোতি চাকমা। শিক্ষার্থীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন এ বিদ্যালয়ের শিক্ষক সীমা আখন্দ, আবদুর রশিদ ও চট্টগ্রাম বন্ধুসভার যুগ্ম সম্পাদক সেঁজুতি গুপ্ত। শপথবাক্য পাঠ করান প্রধান শিক্ষক আহমদুল হক। বিকেলে শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটে শিক্ষার্থীদের সচেতন করেন চট্টগ্রাম বন্ধুসভার সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান। শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম।
গত সোমবার কলেজিয়েট স্কুলের অনুষ্ঠানে কথা হয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আল মাহমুদ বিন কবির। এ আয়োজন থেকে কী শিখলে? এমন প্রশ্ন শোনে সে বলল, ‘মাদকের কারণে জাতি উন্নতি করতে পারছে না। এটি শরীরের খুব ক্ষতি করে। আজকের আয়োজনে আমি এটাই শিখলাম। জীবনে কখনো মাদক গ্রহণ করব না। কলকাকলি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মোরশেদা আক্তার শপথ গ্রহণ শেষে বলে, ‘মাদক আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই নিজে কখনো এটি গ্রহণ করবো না এবং অন্যকেও গ্রহণে নিরুৎসাহিত করব।’
জানা গেছে, পর্যায়ক্রমে চট্টগ্রাম শহরের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হবে যাতে শিক্ষার্থীদের মনে মাদকের বিরুদ্ধে ঘৃণার জন্মে এবং তাঁরা সুস্থ মানুষ হিসেবে বেড়ে ওঠে।