‘এ্যান বঅর কিছু ন অয়। সিটি করপোরেশন চালাইতে খমতা লাগে। ইয়ান এখন চালাদ্দে কয়েকজন কাউন্সিলর। এগিন হইলে মাইনষে হইব আঁ-ই পরশ্রীকাতর। এ্যাতাল্লাই আঁই কিছু ন হইয়ুম।’ (অত বেশি কিছু হয়নি। সিটি করপোরেশন চালাতে ক্ষমতা লাগে। এটি এখন চালাচ্ছেন কয়েকজন কাউন্সিলর। এসব বললে মানুষ বলবে আমি পরশ্রীকাতর। তাই আমি কিছু বলব না।)চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের এক বছরের দায়িত্ব পালনকে এভাবে মূল্যায়ন করেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ১৯৯৪ সাল থেকে গত বছরের জুন পর্যন্ত টানা ১৬ বছর করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। একসঙ্গে এত দিন মেয়রের দায়িত্ব পালনের নজির তিনিই প্রথম সৃষ্টি করলেন।তাঁর অনুপস্থিতিতে সিটি করপোরেশন কেমন চলছে—এমন প্রশ্নের জবাব খুঁজতে তিন দিন ধরে বারবার যোগাযোগ করা হয় মহিউদ্দিনের সঙ্গে। তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম আলোকে সাক্ষাৎকার দিতে রাজি হননি। তবে একাধিক বৈঠকে তিনি সিটি করপোরেশনের গত এক বছরের মূল্যায়ন করে বিক্ষিপ্তভাবে কিছু বক্তব্য দিয়েছেন।মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘সিটি করপোরেশন নিয়ে এ মুহূর্তে আমার কিছু বলা উচিত হবে না। এতে অনেকে মনে করতে পারে, আমি জেলাস করছি। এক ইঞ্চি বললে পাঁচ ইঞ্চি করে লেখা হবে পত্রিকায়। তার চেয়ে বরং কথা না বলাই ভালো।’সিটি করপোরেশনের বর্তমান মেয়র সম্পর্কে তিনি বলেন, ‘তিনি ভোটে নির্বাচিত হয়েছেন। দেখা যাক, তিনি কী করতে পারেন। সময় তো এখনো আছে।’ নির্বাচনের আগের কিছু ঘটনার কথা স্মরণ করে মহিউদ্দিন বলেন, ‘আমি দুই বছর জেলে ছিলাম। জেল থেকে বেরিয়ে দেখি সবকিছু এলোমেলো। শহর আবর্জনায় ভরা। সে মুহূর্তে আমি জনগণকে পূর্ণ সেবা দিতে পারিনি। এদিকে পাঁচ বছরের নির্ধারিত মেয়াদও শেষ। আমি সরকারকে বলেছি টাইম ইজ ওভার। নির্বাচন দিয়ে দেন। অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন থেকে যেতে। তাঁরা বলেছিলেন, ঢাকায় তো খোকা আছেন। আপনি থাকলে সমস্যা কোথায়। আমি রাজি হইনি। কারণ, ক্ষমতা আঁকড়ে থাকা গণতান্ত্রিক আচরণ নয়।’নতুন মেয়র আপনার কাছে সহযোগিতা চাইলে দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘তিনি মাঝেমধ্যে আমার কাছে পরামর্শ চান। আমি হ্যাঁ হুঁ বলি। তিনি কি আমার চেয়ে কম বোঝেন? তবে একটি বিষয় আমি বলেই যাব। সেটি হচ্ছে সিটি গভর্নমেন্ট। এটা ছাড়া সিটি করপোরেশন হবে না।’নির্বাচনে হেরে যাওয়ার পর নির্বাচন কমিশনে দেওয়া মন্জুর আলমের হলফনামার একটি তথ্য চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। মামলাটি এখনো বিচারাধীন। মামলার বাইরে গত এক বছরে তিনি সিটি করপোরেশন নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। নির্বাচনের পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হলেও গত এক মাসে অন্তত তিনটি অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেছে। সর্বশেষ গতকাল বুধবারও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভায় উপস্থিত হন একসময়ের ঘনিষ্ঠ এ দুই নেতা।