
‘এক্ষুনি খেয়ে নাও, নাহলে ভূত আসছে’ অথবা ‘কান্না কোরো না, কান্না করলে ডাক্তার তোমাকে এত্ত বড় একটা ইনজেকশন দিয়ে দেবে’। এ রকম নানাভাবে বাবা-মা এবং অন্যেরা শিশুদের ভয় দেখিয়ে থাকেন। কখনো নিছক মজা করার জন্য, কখনো-বা শিশুর কাছ থেকে কোনো কাজ আদায় করে নেওয়ার জন্য। কখনো-বা শিশুকে শান্ত করার জন্য। কেউ কেউ শিশুর কোনো ‘অন্যায়’-এর শাস্তি দেওয়ার জন্যও এমন করে থাকেন। শৈশবে এই ভয় পাওয়ার অভিজ্ঞতা শিশুকে নানাভাবে প্রভাবিত করে। এই প্রভাবটা সব সময়ই নেতিবাচক হয়, সেটা বলার অপেক্ষা রাখে না।
শিশুকে অনেক সময় অবাস্তব-অবৈজ্ঞানিক বিষয়াদি দিয়ে ভয় দেখানো হয়, যেমন ভূতের ভয়, রাক্ষসের ভয়, ড্রাকুলারের ভয়। মা-বাবা শুধু নয়, পরিবারের অন্য সদস্য যেমন: মামা, চাচা, বড় ভাইবোন এই ভয়গুলো শিশুকে দেখিয়ে থাকেন। কখনো ভয়ের বই পড়ে বা ভূতের সিনেমা দেখেও শিশুরা ভয় পেতে পারে। এ ধরনের অলৌকিক ভয়ের কারণে শিশুর মনোজগতে একটি অলৌকিক অনুষঙ্গ তৈরি হয়, শিশু হয়ে পড়ে সংস্কারাচ্ছন্ন।
যখন সে বড় হতে থাকে, বাস্তবতার মুখোমুখি হয় তখন তার ভেতরের শৈশবের ধারণা আর প্রকৃত বাস্তবতা একটা দ্বন্দ্ব তৈরি করে। তার মানসিক ও ব্যক্তিত্বের বিকাশে তৈরি হয় বৈকল্য। এই শিশুটি বড় হয়ে নানা ধরনের কুসংস্কার আর অন্ধবিশ্বাসে ভুগতে পারে। উদ্বেগ, উৎকণ্ঠা, অহেতুক আতঙ্ক (প্যানিক ডিসঅর্ডার), ফোবিয়া, কনভার্সন ডিসঅর্ডারসহ নানা মানসিক সমস্যায়ও আক্রান্ত হতে পারে।
কোনো কোনো শিশুকে চিকিৎসকের ভয় দেখানো হয়। যেন সব চিকিৎসকই বড় বড় ইনজেকশন নিয়ে বসে আছেন শিশুটির জন্য। কাউকে দেখানো হয় পুলিশের ভয়, যেন সব পুলিশসদস্য বন্দুক হাতে নিয়ে শিশুটিকে ধরে নিয়ে যাবেন। কখনো ফেরিওয়ালার ভয় দেখানো হয়, যেন ফেরিওয়ালারা তাঁদের ঝাঁকায় করে শিশুটিকে বেঁধে নিয়ে যাবেন। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পে আমরা দেখি পাঁচ বছরের মিনির মনেও কাবুলিওয়ালার ঝোলা সম্পর্কে অমূলক ধারণা ছিল; ‘তাহার (মিনির) মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে, ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দুটো-চারটে জীবিত মানবসন্তান পাওয়া যাইতে পারে।’ এ ধরনের বিশেষ পেশা বা বিশেষ মানুষের সম্পর্কে শিশুর মনে ভয় ঢুকিয়ে দিলে তা শিশুকে সামাজিকতা শিখতে বাধা দেয়, সে সমাজবিমুখ হয়ে পড়তে পারে। পরে এ ধরনের শিশুদের মধ্যে ভ্রান্ত বিশ্বাসের জন্ম নেয়। তারা সহজে সন্দেহপ্রবণ হয়ে উঠতে পারে এবং আশপাশের মানুষ বা পরিবশে সম্পর্কে একটা নেতিবাচক পূর্বধারণা পোষণ করতে পারে। এই ভীতি শিশুর সামাজিক দক্ষতা হ্রাস করে।
আবার শিশুর কোনো তুচ্ছ অপরাধের কারণে অভিভাবকেরা, কখনো বাবা-মা, আবার কখনো শিক্ষকেরা তাকে ভয়ংকর শাস্তি দিয়ে থাকেন। যেমন শিশুকে অন্ধকার ঘরে আটকে রাখা, বাথরুমে দরজা বন্ধ করে রাখা। এ ধরনের শাস্তি শিশুকে আরও বেশি জেদি করে তোলে। তার মধ্যে নানা আবেগ আর আচরণের সমস্যা তৈরি হয়। তারা কনডাক্ট ডিসঅর্ডারসহ বিভিন্ন মানসিক রোগে ভুগতে পারে এবং পরিণত বয়সে ব্যক্তিত্বের সমস্যায় আক্রান্ত হতে পারে। অনেক গবেষণায় দেখা গেছে, ছোটবেলায় এ ধরনের ভীতিকর নির্যাতনের শিকার শিশুরা বড় হলে তাদের পারিবারিক জীবন বাধাগ্রস্ত হয়। তাদের একাংশ ব্যক্তিত্বের সমস্যাসহ নানা মানসিক রোগে আক্রান্ত হতে পারে।
যেসব শিশুকে ইতিমধ্যে ভয় দেখিয়ে ফেলা হয়েছে বা যারা ভীতিকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের জন্য অভিভাবকেরা যা করতে পারেন—
যেসব বিষয় বা মানুষ নিয়ে সে ভয় পাচ্ছে, সেসব বিষয় বা মানষের সঙ্গে শিশুকে পরিচয় করিয়ে দিতে হবে। তাদের সামনে রেখে বোঝাতে হবে যে ভয়ের কিছু নেই।
•ভূতের গল্পের বই বা ভয়ের সিনেমা দেখাটা দোষের নয়, তবে শিশুকে বোঝাতে হবে যে এগুলো নিছকই গল্প, এর মধ্যে কোনো সত্যের লেশ নেই। বিনোদনের জন্য সে এই বই পড়তে পারে বা এ ধরনের সিনেমা দেখতে পারে কিন্তু বিশ্বাস করা চলবে না।
•পরিবারের কেউ যদি ক্রমাগত শিশুকে এ ধরনের ভয় দেখিয়ে থাকেন, তবে তাকে এই আচরণ পরিবর্তনের জন্য সচেষ্ট হতে হবে।
ভীতিকর কোনো শাস্তি শিশুকে দেওয়া যাবে না। তবে এ ধরনের শাস্তি পাওয়া শিশুকে ভয় ভাঙাতে বিশেষ বিহেভিয়র থেরাপি দেওয়া যেতে পারে।
•ভয় পেয়ে শিশুর মধ্যে আবেগ আর আচরণের কোনো সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।
শিশুদের কারণে-অকারণে ভয় দেখানো ঠিক নয়। এ বিষয়ে বাবা-মাসহ পরিবারের সব সদস্য এবং শিক্ষকদের বিশেষভাবে সচেতন
হতে হবে।