আমি সত্যিই ভাগ্যবান। ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের গবেষণায় এমন একটি মেধাবী দলকে সহযাত্রী হিসেবে পেয়েছি। যুক্তরাষ্ট্রে আমি অনেক বছর ধরে কাজ করছি। এর মধ্যে মালয়েশিয়ায় রাবারের জীবনরহস্য উন্মোচনের জন্য কাজ করেছি। মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে মানুষের জীবনরহস্য উন্মোচনের জন্য কাজ করছে। প্রধান গবেষক হিসেবে আমি এর সঙ্গেও যুক্ত আছি। দক্ষিণ আফ্রিকার ডারবান বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও একটি গবেষণা চলছে। আমাদের দেশের বিজ্ঞানীদের মতো দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাদারির এমন মিশেল আমি খুব কম দেশেই পেয়েছি। গবেষণার কোনো বিষয় সম্পর্কে কাজ করার নির্দেশ দেওয়ামাত্রই তাঁরা বুঝে নিয়েছেন তাঁদের কী করতে হবে। সবাই কাজটির সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে পড়েছেন, যেন এটাই তাঁদের সংসার। ছত্রাকের জিন (কৌলিক বৈশিষ্ট্য) থেকে লাখ লাখ তথ্য কম্পিউটারে নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। আর এই কাজের পুরোটাই পাট গবেষণা ইনস্টিটিউটে স্থাপন করা গবেষণাগারে করা হয়েছে। আমাদের তরুণ গবেষকেরাই তা করেছেন। ওদের ভেতরে আমি আগুন দেখেছি। এই গবেষণার মধ্য দিয়ে বিশ্বের ট্রিলিয়ন ডলারের জৈব তথ্যপ্রযুক্তি সেবার যে বাণিজ্য, তাতে বাংলাদেশ প্রবেশ করার সুযোগ তৈরি করল। এই গবেষকদের সঙ্গে নিয়ে এখন আমি নতুন গবেষক তৈরির জন্য কাজ করব। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের নামকরা দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা গবেষণা সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ঢাকার বাইরে থেকে মেধাবী গবেষকদের খুঁজে বের করতে আমরা দেশের বিভিন্ন বিভাগে গবেষণাকেন্দ্র গড়ে তুলতে চাই। স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতে হাতে-কলমে আমাদের গবেষণা সম্পর্কে জানতে পারে, সে জন্য আমরা উদ্যোগ নেব। পাটের জীবনরহস্য উন্মোচনের পর আমি বাংলাদেশে তরুণদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। তারা আমাকে নানা মারফত চিঠি দিয়ে জানিয়েছে, এ ধরনের কোনো গবেষণা ও উদ্যোগ হলে তারা তাতে অংশ নিতে চায়। তার মানে, এই তরুণরা দেশের জন্য কিছু করার পথ খুঁজছে। আমাদের দায়িত্ব হবে তাদের জন্য কাজের পরিবেশ তৈরি করে দেওয়া। (মাকসুদুল আলমের সঙ্গে আলাপের ভিত্তিতে তৈরি)