‘ওদের মৃত্যুতে কারও কিছু যায় আসে না’
আমি যখন খুব ছোট ছিলাম, আমার বাবা তখন সিতাকুণ্ডের কাছে কাশেম জুটমিলে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। সেই সময় থেকেই জাহাজভাঙা শিল্পের কথা জানতাম। তার বহু দিন পর আমি যখন আমার প্রথম পূর্ণদৈর্ঘ ছবি জীবন জলেবেলে তৈরি শুরু করি তখন উত্তরবঙ্গের অনেক কৃষকের সঙ্গে আমার পরিচয় হয়, যারা চট্টগ্রামে জাহাজভাঙার কাজ করতেন। তাঁরাই আমাকে এই কঠিন কর্মক্ষেত্রের অনেক রোমহর্ষক গল্প শোনান। যাঁরা কয়েক শ বছর ধরে নদীর অববাহিকায় নরম মাটিতে ফসল ফলিয়ে জীবন কাটিয়েছেন তাঁরা কীভাবে কঠিন লোহালক্কড় আর আগুনের ভেতর মাসের পর মাস বেঁচে থাকে। মূলত এই কৌতূহল থেকেই লোহাখোর ছবিটির যাত্রা শুরু। সেটা ছিল ১৯৯৯ সালের কথা। আমরা যখন শুটিংয়ের কাজ শুরু করি। এক ইয়ার্ডের মালিক আমাকে বলেছিলেন ‘এটা হচ্ছে ভাই একটা নর্দমা। নর্দমার কাজ খুব নোংরা কাজ। কিন্তু আমরা স্বেচ্ছায় এর দায়দায়িত্ব নিয়েছি। কিন্তু যাঁরা আমাদের দিয়ে এই কাজটা করান এবং বিশাল অঙ্কের টাকা আয় করেন তাঁদেরও কিছু দায়দায়িত্ব আছে। তবে তাঁদের কাউকে আপনি খুঁজে পাবেন না। আমাকে খুব সহজে খুঁজে পাবেন।’ আমার খুব মনে ধরেছিল কথাটা। লোহাখোর ছবিটি আমরা ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টেও দেখিয়েছি। ইউরোপিয়ান কমিশনের পরিবেশ কমিশনার স্ট্যাভরস দিমাস ২০ মিনিট দেখতে এসে পুরো ছবিটিই দেখলেন আর শেষে আবেগাপ্লুত কণ্ঠে বক্তব্য রাখলেন। কিন্তু পরে অন্যদের কাছে জানতে পারলাম, এ রকম বক্তব্য তারা গত ২০ বছর ধরেই শুনছেন। বাংলাদেশের শিপব্রেকিং শিল্প যদি নর্দমা হয়, তবে এই মানুষগুলো পশ্চিমাদের অনেকের কাছে নর্দমার বাসিন্দা। ওদের মৃত্যুতে কারও কিছু যায় আসে না। (ই-মেইলে নেওয়া সাক্ষাতকার থেকে নির্বাচিত অংশ)