‘ওরা এসেছিল গুলি ছুড়তে ছুড়তে’
কক্সবাজারের লাবণী সৈকতের কাছাকাছি সাগরে মাছ ধরছিলেন ফিশিংবোট (সমুদ্রগামী ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা) এফবি ইফতেসাম হাসান-১-এর জেলেরা। গত শুক্রবার মধ্যরাত। অতর্কিতে একটি ইঞ্জিনবোট নিয়ে গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে আসে ডাকাতেরা। প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপিয়ে পড়েন দুই জেলে। গুলি খেয়ে নৌকায় লুটিয়ে পড়েন তিনজন। ডাকাতের মারধরে আহত হন আরও দুই জেলে। গুলিবিদ্ধ তিনজনের মধ্যে মো. জাকির হোসেন (২৩) নামের একজন শুক্রবার রাতেই নৌকায় মারা যান। নিহত জাকির ভোলার চরফ্যাশনের জনু মাঝির ছেলে। ডাকাতের গুলি ও মারধরে আহত চার জেলে হলেন: নীরব (২৮), নোমান (৩০), আবদুল খালেক (৪২) ও আবুল কালাম (৩২)। আহত জেলেরা কক্সবাজার সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।সাগরে ঝাঁপ দেওয়া ব্যক্তিদের মধ্যে মো. ইউসুফ (৩০) অন্য একটি মাছধরার নৌকায় আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন। কিন্তু মো. সেলিম (৪০) নামের অন্য আরেক জেলে এখনো নিখোঁজ। গত শনিবার এ ঘটনায় কক্সবাজার থানায় মামলা করার চেষ্টা করলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন আহত জেলেরা।পরে অন্য দুটি মাছধরার নৌকার সহায়তায় চট্টগ্রাম ফিশারিঘাটে গত শনিবার গভীর রাতে ফিরে আসে এফবি ইফতেসাম হাসান-১। এ ঘটনায় গত রোববার নগরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নৌকার মাঝি (নৌকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি) জাহাঙ্গীর হোসেন।গতকাল রোববার জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘১৯ জন জেলে নিয়ে ৮ জুলাই মাছ ধরতে সাগরে গিয়েছিলাম। গত শুক্রবার মধ্যরাতে আমরা কক্সবাজারের লাবণী সৈকতের কাছাকাছি এলাকায় সাগরে মাছ ধরছিলাম। জাল টানার সময় হঠাৎ গুলি করতে করতে ডাকাতেরা এগিয়ে আসে।’জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ‘আল্লার দান নামের ওই বোটে ২০-২৫ জন ডাকাত ছিল। ডাকাতেরা নৌকায় উঠে অস্ত্রের মুখে বোটের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আমাদের এলোপাতাড়ি মারধর করে। গুলি ও মারধরে পাঁচজন আহত হয়। ভয়ে দুজন সাগরে ঝাঁপিয়ে পড়ে।’ ডাকাতেরা দক্ষিণ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিল বলে জানান তিনি। তারা নৌকা থেকে বিভিন্ন ধরনের প্রায় ২০ মণ মাছ, জাল, হোস পাইপ, ব্যাটারি, চার্জলাইট, টাকা ও ১৮টি মোবাইল ফোন সেট নিয়ে যায়।জাহাঙ্গীর হোসেন জানান, সাগরে ঝাঁপ দেওয়া দুই জেলের মধ্যে সেলিমের কোনো খোঁজ পাওয়া যায়নি। অপর জেলে ইউসুফ অন্য একটি মাছধরার নৌকায় উঠে প্রাণে বেঁচে যান।এফবি ইফতেসাম হাসান-১ এর মালিক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার একজন জেলে ডাকাতের গুলিতে মারা গেছেন। অন্য একজন এখনো নিখোঁজ। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে জেলেরা নৌকা নিয়ে সাগরে যেতে নিরুৎসাহিত হয়ে পড়বে।’মামলা না নেওয়ার বিষয়ে কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ‘সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ নিয়ে আসেনি। এখন চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে পাঠানো ডায়েরি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এ বিষয়ে নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘থানায় নৌকার লোকজন একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিটি মামলা হিসেবে নেওয়ার জন্য আমরা কক্সবাজার থানায় পাঠিয়েছি।’