'ওরা নিষ্ঠুর, অমানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দালালদের খপ্পরে পড়ে মালয়েশিয়া পাচার হচ্ছিল এই কিশোরেরা। ধরা পড়ে মিয়ানমারের ​​নৌবাহিনীর হাতে। ২৫ আগস্ট তাদের দেশে ফিরিয়ে আনা হয় l প্রথম আলো
দালালদের খপ্পরে পড়ে মালয়েশিয়া পাচার হচ্ছিল এই কিশোরেরা। ধরা পড়ে মিয়ানমারের ​​নৌবাহিনীর হাতে। ২৫ আগস্ট তাদের দেশে ফিরিয়ে আনা হয় l প্রথম আলো

১৭ বছর বয়সী সাইফুল ইসলামের চোখে–মুখে শিশুর সারল্য। কে বলবে দুর্গম সমুদ্রযাত্রায় ক্ষণে ক্ষণে মৃত্যু দেখেছে আর সয়েছে দালালদের অমানুষিক অত্যাচার। সেসব কথা বলতে গিয়ে গলা ধরে আসে তার। নিজের জীবনের ঘটনা নয়, বর্বরতার কোনো আখ্যানই যেন বলে যায় সে।
২৫ আগস্ট বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে সাইফুল ইসলামসহ ১২৫ অভিবাসন–প্রত্যাশী মিয়ানমার থেকে দেশে ফিরে আসে। ২৬ আগস্ট সাইফুলসহ ২৫ জন কিশোরকে কক্সবাজার আদালতে হাজির করে পুলিশ। আদালত তাদের রেড ক্রিসেন্টের সহায়তায় বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে একফাঁকে কথা হয় সাইফুলের সঙ্গে।
দীর্ঘ সমুদ্রযাত্রার কাহিনি তুলে ধরতে গিয়ে সাইফুল বারবার পাচারকারীদের অত্যাচারের কথা বলে। সাইফুল বলে, ‘পাচারকারীরা মানুষ নয়। আমরা পানি চাইলে জোর করে সাগরের লোনা পানি খাইয়ে দিত। এতে অসুস্থ হয়ে পড়তাম। এভাবে অনেকে মারাও গেছে। আর কেউ মারা গেলে তার লাশ ফেলে দিত সাগরে।’
কক্সবাজারের উখিয়া উপজেলার তুলাতুলি গ্রামে গ্রামের মৃত আয়াজ মিয়ার ছেলে সাইফুল ইসলামের ইচ্ছা ছিল সবজি চাষ করে স্বাবলম্বী হবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে দিল না দালাল চক্র।
গত এপ্রিল মাসে স্থানীয় এক দালাল সাইফুলকে ডেকে নেয়। তারপর বলে, ‘বড়লোক হতে চাইলে মালয়েশিয়া চলো। মাসে ৫০-৬০ হাজার টাকা বেতরের চাকরি পাবে। ঘরের লোকজনও আরামে থাকবে।’
বিনা পয়সায় মালয়েশিয়ায় যেতে রাজি হয় সাইফুল। ১১ এপ্রিল দালালেরা টেকনাফ উপকূল থেকে তাকে একটি ট্রলারে তুলে দেয়। এরপর সেন্টমার্টিনের অদূরে থাকা আরেকটি বড় ট্রলারে তাদের তোলা হয়। গত ২১ মে ট্রলারটি মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমার উপকূলে এলে সে দেশের নৌবাহিনীর হাতে ধরা পড়ে। তারপর ট্রলারের অভিবাসীদের আনা হয় মিয়ানমারের মংডু জেলার অভিবাসনকেন্দ্রে।
আদালতে সাইফুলের পাশে দাঁড়িয়ে কথা শুনছিল ঢাকার যাত্রাবাড়ীর মোহাম্মদ রবিন (১৬), বান্দরবানের আমান উল্লাহ (১৭), উখিয়ার মামুনুর রশিদ (১৫), রামুর আবু ছৈয়দ (১৬), টেকনাফ শাহপরীর দ্বীপের মোহাম্মদ ফয়সাল (১৪), কক্সবাজার সদরের লারপাড়ার শফিউল করিম (১৪), মহেশখালীর পুটিবিলার মিজানুর রহমান (১৬)। দালালদের বিরুদ্ধে ক্ষোভ ওদের। সবাই কথা বলতে চায়।
ঢাকার যাত্রাবাড়ীর স্কুল গলি এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রবিন বলে, গত ২১ মার্চ বিকেলে যাত্রাবাড়ী স্কুল মাঠে খেলার সময় এক লোক তাকে ডেকে নেয়। এরপর নাকে–মুখে রুমাল চেপে একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরদিন বিকেলে ঘুম ভাঙলে দেখতে পায় সমুদ্রসৈকত। লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারে এটি টেকনাফ সৈকত। সন্ধ্যায় কয়েকজন দালাল অন্যদের সঙ্গে তাকেও জোর করে একটি ট্রলারে তুলে দেয়।
রবিন বলে, ‘২১ মে ট্রলারটি মিয়ানমারের নৌবাহিনীর হাতে ধরা না পড়লে আমাদের দেশে ফেরা হতো না। ট্রলারেই জীবনটা শেষ হতো। মুক্তিপণের জন্য দালালদের বর্বর অত্যাচার–নির্যাতকের কথা মনে পড়লে শিউরে উঠি। ওরা অমানুষ। ওদের ফাঁসি হওয়া উচিত।’
কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা জানান, ২৫ আগস্ট পঞ্চম দফায় মিয়ানমার থেকে ১২৫ জন অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়। এর মধ্যে কক্সবাজারের ৮৫ জন, বান্দরবানের ছয়জন, ফেনীর তিনজন, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচজন, চাঁদপুরের একজন, ঢাকার দুজন, গাজীপুরের একজন, টাঙ্গাইলের চারজন, কিশোরগঞ্জের দুজন, মাদারীপুরের সাতজন, রাজবাড়ীর দুজন, গোপালগঞ্জের একজন, মেহেরপুরের চারজন ও ভোলার দুজন অভিবাসন–প্রত্যাশী রয়েছে। এর আগে পাঁচ দফায় আরও ৫০১ জন বাংলাদেশিকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনে বিজিবি।