‘ওরা বলে আমার জন্য অপেক্ষা করছে আজরাইল’
ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে প্রতারণা করছে কিছু চক্র। প্রতারণার শিকার দুজনের অভিজ্ঞতা তুলে ধরেছেন একরামুল হকএক. আমি শাহিদা মিমি (ছদ্মনাম)। থানায় হাজির হয়ে এ মর্মে অভিযোগ করছি যে, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে আমাকে নানাভাবে উত্ত্যক্ত ও নাজেহাল করে আসছেন। তিনি (আলাউদ্দিন) আমাকে নানা রকম জঘন্য প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি আমার আত্মীয় হওয়ায় তাঁর সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমার মা, বাবা দেশের বাইরে চলে যাওয়ার পর তিনি আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিতে শুরু করেন। পরে আমি তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করি। এতে তিনি রেগে গিয়ে রাস্তায় আমাকে উত্ত্যক্ত করতে থাকেন। গত ২০ সেপ্টেম্বর সেন্ট্রাল প্লাজার মূল ফটকে আলাউদ্দিন আমাকে নাজেহাল করেন। এ সময় তিনি আমার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যান, আমার মোবাইল নম্বর থেকে আত্মীয়স্বজনদের ফোন করে আমার নামে অত্যন্ত খারাপ মন্তব্য করেন। এর কিছুদিন পর তিনি ফেসবুকে আমার নামে একটি অ্যাকাউন্ট খোলেন। সেখানে তিনি আমার নামে আপত্তিকর কিছু মন্তব্য করেন এবং আমার ছবি, জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বর উল্লেখ করেন। পরে আমার মামা তাঁকে এগুলো মুছে দিতে (ডিলেট) অনুরোধ করেন। একপর্যায়ে আলাউদ্দিন মামার কাছ থেকে ৬০ হাজার টাকা দাবি করেন।দুই. আমি হাবিব উল্লাহ (ছদ্মনাম) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। বেশ কয়েকদিন আগে একজন পুরুষ ও একজন মহিলা ফেসবুক থেকে তথ্য নিয়ে আমার গবেষণার বিভিন্ন কাজের প্রশংসা করেন। এসংক্রান্ত বিভিন্ন তথ্য জানার আগ্রহ প্রকাশ করে আমার মোবাইল নম্বর নেন। তাঁরা নিজেদের একজনকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্রী এবং অন্যজন সদ্য এমবিএ পাস করা তরুণ বলে পরিচয় দেন। মেয়েটির নাম ফারিয়া ফারহানা অনিন্দিতা এবং ছেলেটির নাম মো. জিয়াউর রহমান চৌধুরী ওরফে ভিকি চৌধুরী। গত ২৫ জুলাই ছেলেটি আমাকে ফোন করে বিভিন্ন কাজের প্রশংসা করেন। আমার সঙ্গে পরিচিত হওয়ারও আগ্রহ প্রকাশ করে একটি রেস্তোরাঁয় দাওয়াত দেন। এতে আমি সাড়া দিইনি। এক দিন রাত একটায় অনিন্দিতা নামের এক মেয়ে আমাকে ফোন করে ছেলেটির সুরে কথা বলেন। এ সময় আমার ব্যক্তিগত তথ্যাদি জানার আগ্রহ প্রকাশ করেন মেয়েটি। তখন আমি স্পষ্টভাবে জানিয়ে দিই যে, একাডেমিক ও গবেষণাসংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলতে আগ্রহী নই। ফলে আমি আমার ফেসবুকের ফ্রেন্ড তালিকা থেকে তাঁদের আইডি (পরিচয়) মুছে দিই। পরে অনিন্দিতা পরিচয় দেওয়া মেয়েটি বিভিন্ন সময় আমাকে ফোন করেন এবং খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে বিরক্ত করেন। গত ২৬ জুলাই অনিন্দিতা আমাকে হুমকিসুলভ একটি খুদেবার্তা পাঠান। তাতে বলা আছে, ‘সময়, স্রোত ও জীবন কখনো থেমে থাকে না। কিন্তু এক ব্যক্তি আপনার অপেক্ষায় আছেন। আপনি কী জানেন, তিনি কে? তিনি আজরাইল। তাই সাবধান। তিনি আপনাকে নিতে আসবেন।’এ খুদেবার্তা পেয়ে আমি চিন্তিত হয়ে পড়ি এবং নিরাপত্তাহীনতায় ভুগতে থাকি। পরে পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ১৫৩০) করি। এরপর জিয়াউর রহমান ও অনিন্দিতা আমাকে ফোন করতে থাকেন ও খুদেবার্তা পাঠিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তাঁদের এসব কর্মকাণ্ডে আমার পরিবারে অশান্তি সৃষ্টি হয়।একপর্যায়ে আমার ঘনিষ্ঠ বন্ধু ও পুলিশের সঙ্গে পরামর্শ করে গত ৩ সেপ্টেম্বর জিয়াউরকে ফোন করি। জিয়াউর নিজেকে অনেক বড় মাপের মানুষ হিসেবে তুলে ধরে আমাকে বিভিন্ন আশার কথা বলতে থাকেন। পরে তিনি আমাকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঞ্জাবি উপহার দেওয়ার কথা বলেন। আমার বন্ধু ও পুলিশের পরামর্শে তাঁর উপহার নিতে সম্মত হই। জিয়াউর ৪ সেপ্টেম্বর রাত নয়টায় আমাকে মিমি সুপার মার্কেট আসার জন্য অনুরোধ করেন। আমি আমার বন্ধু ও থানা পুলিশের পরামর্শে ওই সময় মিমি সুপার মার্কেটে উপস্থিত হয়ে জিয়াউরকে ফোন করি। তিনি ব্যস্ততা দেখিয়ে ওই দিনের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং পরদিন ৫ সেপ্টেম্বর রাত দেড়টায় মিমি সুপার মার্কেটসংলগ্ন আফমি প্লাজায় যেতে বলেন। আমি যথারীতি ওই সময় হাজির হয়ে জিয়াউরের মুখোমুখি হই। পরে আলোচনার একপর্যায়ে জিয়াউর বিভিন্ন ভঙ্গিতে নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। ওই সময় পুলিশ তাঁকে আটক করেন। এ ঘটনায় ৬ সেপ্টেম্বর পাঁচলাইশ থানায় মামলা হয়।