'কই হারাল আমার বাবাটা'

খেলনা পেলেই খুলে দেখত ছোট্ট আতিক। সে কথা মনে করে চোখ মুছতে মুছতে মা রুজি আক্তার বলেন, ‘কোনো কিছু পেলেই খুলে দেখত ছেলেটি। আমরা বলতাম, ও ঠিক ইঞ্জিনিয়ার হবে। কিন্তু এখন কই হারাল আমার বাবাটা।’
ঝাড়ফুঁকের নামে কথিত বৈদ্যের অপচিকিৎসায় শিশুসন্তান আতিককে হারিয়ে পাগলপ্রায় মা রুজি আক্তার। ভয়ে প্রথমে পুলিশ ও এলাকার লোকজনকে জানাননি। কিন্তু এখন থানায় মামলা হওয়ায় দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।
গত ৪ নভেম্বর পেটের ব্যথা সারাতে রুজি তাঁর ছেলে আতিককে নিয়ে গিয়েছিলেন প্রতিবেশী রোজি আক্তারের কাছে। এলাকায় বৈদ্য হিসেবে পরিচিত ওই নারী রাতে আতিককে নিজের কাছে রেখে ঝাড়ফুঁক চালান। পরদিন সকালে রুজি জানতে পারেন তাঁর আদরের ধনকে জিন হত্যা করেছে! মর্মান্তিক এই ঘটনার পর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডীর শ্বশুরবাড়ি ছেড়েছেন। তাঁর স্বামী প্রবাসী তবিউল্লাহ চৌধুরী দেশে আসতে পারেননি। বিদেশে বসে সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কথিত বৈদ্য রোজি আক্তার আতিকের পরিবারকে বলেছিলেন, ঘটনা জানাজানি হলে জিন তাঁদেরও ক্ষতি করতে পারে। এমন কথা শুনে শিশুটির পরিবার দ্রুত দাফন করে তাকে। কিন্তু ঘটনাটি জানাজানি হতে সময় লাগেনি। ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশকে জানালে গত ১১ নভেম্বর থানায় একটি মামলাও হয়। পুলিশ গ্রেপ্তার করে কথিত বৈদ্য রোজিকে। বর্তমানে আতিকের মা রুজি আক্তার ছোট ছেলে আবিরকে নিয়ে নগরের বালুছড়ায় অবস্থিত বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।
সম্প্রতি বালুছড়ায় রুজি আক্তারের বাবার বাড়িতে গেলে প্রথম আলোকে তিনি বলেন, ‘এক ছেলেকে হারিয়েছি। আরেক ছেলে আবিরকে হারাতে চাই না। তাই এলাকা ছেড়ে চলে এসেছি। ওরা আমার ছেলেকে নির্যাতন করে মেরে ফেলেছে। বলছে জিনে মেরেছে। আমাকেও নাকি জিন দিয়ে হত্যা করবে।’
রুজি আক্তার জানান, তাঁর স্বামী তবিউল্লাহ চৌধুরী বিদেশে রংমিস্ত্রির কাজ করেন। স্বপ্ন দেখতেন ছেলেকে প্রকৌশলী বানাবেন। নিহত আতিক স্থানীয় প্রিমিয়ার পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
এদিকে আদালতের নির্দেশে গত ২৪ নভেম্বর চিকনদণ্ডীর মজিদ আব্বাস চৌধুরী বাড়ির কবরস্থান থেকে শিশু আতিকের লাশ তোলা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে ওই দিনই শিশুটির লাশ আবার দাফন করা হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাঈল গত বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, এ
ঘটনায় করা মামলার তদন্ত চলছে। গ্রেপ্তার হওয়া কথিত বৈদ্য রোজি আক্তার কারাগারে রয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নির্যাতনে শিশুটির মৃত্যু হয়েছে। ওসি আরও জানান, আসামির স্বজনেরা শিশুটির পরিবারকে হুমকি দিয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
আতিকের বিদ্যালয়ের শিক্ষকেরাও ব্যথিত এই ঘটনায়। বিদ্যালয়ের অধ্যক্ষ ইয়াছিন সেলিম বলেন, ছেলেটি পড়ালেখায় ভালো ছিল। তার বাবা-মায়ের ইচ্ছে ছিল ছেলে প্রকৌশলী হবে। কিন্তু সে ইচ্ছা পূরণ হলো না আর।