‘কও দিনি স্বপ্ন আবার কী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত বাহনটি খুলনায় ইজি বাইক নামে পরিচিত। খুলনা শহরজুড়েই এই বাহনের আনাগোনা। কাঠফাটা রোদ্দুরে এ রকমই একটি না সিএনজি, না মিশুকে উঠে পড়লাম আমরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সঙ্গ দিচ্ছিলেন আমাকে। তিনিই বললেন, চলুন, জিরো পয়েন্টের দিকে যাই। খুলনা বিশ্ববিদ্যালয় পার হয়ে জিরো পয়েন্টে যাওয়ার পর যে রাস্তাটি বাঁয়ে ঘুরে গেছে বাগেরহাটের দিকে, সেদিকে না গিয়ে আমরা সোজা এগিয়ে চললাম। রোদ্দুরের কারণে বর্ষাকালটা অনুভব করা যাচ্ছে না যদিও, কিন্তু তাতে গাছের পাতাগুলোর সতেজ আর চনমনে হয়ে ওঠা থেমে থাকেনি। ডানে-বাঁয়ে তাকাই, কথা বলার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। আরও কিছুদূর যাওয়ার পর চোখে পড়ল দৃশ্যটা। বালুর ঢিপি উঁচু হয়ে আছে। পেছনে তৈরি হচ্ছে বাড়ি। কোদাল দিয়ে এই বালু তুলে টুকরিবোঝাই করছিলেন এক নারী। তাঁর সঙ্গে কথা বলি। নাম জিজ্ঞেস করতেই বললেন, ‘নাম-টাম শুইনে আর কী করবেন?’‘নাম বলতি হবে না?’‘নাম বলব কেন? কেন বলতি হবে নাম? কিয়ের জন্যি ছবি তোলবেন...’‘ও! এই কথা! আপনার কথা একটু শুনব, জানব। মানুষকে জানাব। ’ব্যাখ্যা শোনার পর একটু সময় নেন তিনি। তারপর বলেন, ‘শোনেন, খেইটে খাতি হচ্ছে আমারে।’‘কত দিন খেইটে খাতি হচ্ছে?’‘তা বহুৎ দিন।’‘মিনসে কী করে? সে দেইখে রাখতি পারে না?’‘সে তো মরিসে।’ কাজ করতে করতে বলেন তিনি।‘মরিসে!’ কথাটা বলে একটু দমে যাই।‘মানে তার অসুখ।’—উত্তর শুনে সত্যিই মন একটু ভালো হয়ে যায়।‘এই কাজ কইরে কত টাকা পান?’‘যে টাকা দেয়, তাতি চলে না।’এ কথা বলে তিনি পেছনে দাঁড়ানো একটি ছেলের দিকে তাকান। এই ছেলেটি বুঝি টাকা লেনদেনের সঙ্গে যুক্ত। তাই কথাটি বলার পর ওর প্রতিক্রিয়া দেখার চেষ্টা করেন তিনি।ছেলেটিকে জিজ্ঞেস করি, ‘কত টাকা দাও মজুরি?’ছেলেটি বলে, একশ চল্লিশ টাকা।আবার ফিরে যাই তাঁর কাছে। ‘বাড়িতে ছেলে-মেয়ে কয়জন?’‘চাইরজন-ছয়জন।’বুঝলাম, চার সন্তান, স্বামী-স্ত্রী মিলে তাদের সংসার।‘রান্নাবান্না করেন কখন?’‘ওই রাত্তি নান্দি।’ (রাতে রান্না করি)‘রান্নাবান্না কী করেন?’‘কী কব! তার ওষুধ কিনতি যায় ডেইলি দুই-তিন শো টাকা।’ এই প্রশ্নের উত্তর এ রকম হলো কেন, তা নিয়ে আর মাথা ঘামাই না। প্রসঙ্গ ধরেই কথা চালিয়ে যাই। ‘সেই টাকা আসে কোত্থিকে?’‘কাজ-কাম কইরে জোগার কত্তি হয়। যা হয় তাই। জীবন থাকলে তো বাঁচায় রাখতি হবে।’‘আপনারা থাকেন কোথায়?’‘ডুমুরিয়া।’‘স্বামী বাড়িতে আছেন? তাকে দেখে রাখতে হয়?’‘দেইয়ে রাকতি হয় না তো কি?’‘নামটা তো বললেন না এখনো। নাম ছাড়া মানুষ হয় নাকি?’‘আমার নাম জোহরা বেগম।’‘আপনার কী হলি ভালো হতো? স্বপ্ন আছে কোনো?’জোহরা বেগমের মুখে অল্প হাসি। একটি দাঁত বের হয়ে পড়ে ঠোঁটের ফাঁক দিয়ে। খুব মায়াময় হয়ে ওঠে চেহারা।‘কও দিনি! স্বপ্ন আবার কী!’