কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের মত বিনিময় সভা ৬ ফেব্রুয়ারি দুপুরে শহরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের আহ্বায়ক রুহুল আমিন সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার।
তিনি বলেন, উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়েছে কক্সবাজার। আগামী দুই বছরের মধ্যে কক্সবাজারের চেহারা পাল্টে যাবে। কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে। সেনাবাহিনীর মেরিন ড্রাইভ সড়কের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন ও গ্যাস সংযোগ আসছে। অল্প সময়ের মধ্যে কক্সবাজার হবে উন্নয়নের নগর।
সভায় প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন মাহমুদ। বক্তব্য দেন সাংবাদিক সাদেক রহমান, সাবেক সাংসদ মো. সহিদুজ্জামান, উন্নয়ন সংগ্রাম পরিষদের উপদেষ্টা আবুল আলা ছিদ্দিকী, আবু জাফর ছিদ্দিকী, সায়েদ জালাল উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান প্রমুখ।