‘কত রঙ্গের হিডারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কত রঙ্গের হিডারে’, ‘নানির হাতের পিঠা’—এ রকম বাহারি নাম স্টলগুলোর। নামেই বোঝা যায় পিঠারই পসরা বসেছে তাতে। বিচিত্র সব মজার মজার পিঠা। আর সুস্বাদু পিঠাগুলোকে নিয়ে তরুণীদের ভিড়। তাদের চোখে মুখে আনন্দ। পিঠার স্বাদে তৃপ্ত মুখে সারা দিন হইহুল্লোড়। ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে শীতের পিঠা উৎসবে দিনব্যাপী এ রকম দৃশ্যই চোখে পড়েছে। সোমবার সকালে কলেজ মাঠে অধ্যক্ষ ডি এ বিলকিস আরা চৌধুরী উৎসব উদ্বোধন করেন। উৎসবে ছিল ২৩টি স্টল। জিয়া সরকারি মহিলা কলেজ ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের শিক্ষার্থীরা নিজেদের তৈরি নানা রকমের পিঠা নিয়ে স্টল সাজিয়েছে। পিঠা বিকিকিনির পাশাপাশি কলেজের শহীদ মিনারের বেদিতে শিক্ষার্থীরা গান, আবৃত্তি, নৃত্য ও নাটিকা প্রদর্শন করে। দিনব্যাপী পিঠা উৎসবে পুলিশ সুপার পরিতোষ ঘোষ, ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, পৌরসভা মেয়র নিজাম উদ্দিন হাজারী, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মন্জুর আলম, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. খালেদ রহিম, প্রেসক্লাবের সভাপতি মীর হোসেন, কলেজের উপাধ্যক্ষ সেতারা বেগমসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উৎসবে আগত গৃহবধূ সালমা আক্তার, বেবী আক্তার শিক্ষার্থী টুম্পা, লিজা বলেন, ‘মা এবং দাদি-নানির মুখে অনেক পিঠার নাম শুনেছি। কিন্তু পিঠা উৎসবে তার চেয়েও অনেক ধরনের পিঠা দেখলাম।’পিঠা বিক্রি করতে আসা শিক্ষার্থী শান্তা বলেন, ‘বাসায় মা, নানুসহ পিঠা তৈরিতে অনেকেই সহযোগিতা করেছে। সব পিঠা বিক্রি হয়ে গেছে। এত পিঠা বিক্রি হবে ভাবিনি।’