‘কনটেইনার ম্যান’ দীন ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীন ইসলাম। আটকা পড়েছিলেন চট্টগ্রাম বন্দরের একটি কনটেইনারে। খাদ্য ও পানি ছাড়া টানা নয় দিন বন্দী ছিলেন সেখানে। সিঙ্গাপুর বন্দরে কনটেইনার খোলার পর অভুক্ত কঙ্কালসার দীন ইসলামকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সারা বিশ্বে রীতিমতো হইচই পড়ে যায়। বাংলাদেশ, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে এই দীন ইসলামকে নিয়ে প্রকাশিত হয় একাধিক প্রতিবেদন। বিদেশি সংবাদমাধ্যম দীন ইসলামকে অভিহিত করে ‘কনটেইনার ম্যান’ হিসেবে।গত ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরে কাজ করার ফাঁকে রাতে কনটেইনারের মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন বন্দর শ্রমিক দীন ইসলাম ও মো. আল আমিন। সেদিন রাতেই খালি কনটেইনারটি বন্ধ করে বন্দরের ১৩ নম্বর জেটিতে এমভি হ্যানসা ক্যালিডোনিয়া জাহাজে বোঝাই করা হয়। নয় দিন পর গত ১০ এপ্রিল সিঙ্গাপুরের পাসির পানজাং টার্মিনাল থেকে দীন ইসলামকে উদ্ধার করেন বন্দর-কর্মীরা। তবে অপর শ্রমিক আল আমিন কনটেইনারে মারা যান। সিঙ্গাপুরেই তাঁকে দাফন করা হয়।দীন ইসলাম উদ্ধার হওয়ার পর সিঙ্গাপুরের ট্যাবলয়েড ও দৈনিক পত্রিকায় তাঁর মৃত্যুর সঙ্গে নয় দিনের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে প্রধান প্রতিবেদন ছাপে। পানি ও খাবার ছাড়া দীন ইসলামের এত দিন বেঁচে থাকার বিষয়টি বিস্মিত করে বিশ্ববাসীকে। সিঙ্গাপুরের জনপ্রিয় ট্যাবলয়েড (দৈনিক) দ্য নিউ পেপার ১২ এপ্রিলের সংখ্যায় এ নিয়ে বিশেষ প্রতিবেদন করে। শিরোনাম দেয় ‘টু ম্যান ফাউন্ড ইন কনটেইনার, ওয়ান ডেড’ (কনটেইনার থেকে দুজন উদ্ধার, একজন নিহত)। পরদিন ১৩ এপ্রিল একই কাগজ প্রথম পাতায় শিরোনাম দেয়—‘অ্যালাইভ আফটার নাইন ডেইস উইদাউট ওয়াটার’ (নয় দিন পানি ছাড়া থাকার পরও জীবিত)।সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস গত ১৩ এপ্রিল পৃষ্ঠাজুড়ে এ নিয়ে প্রতিবেদন ছাপায়। এসব প্রতিবেদনে দীন ইসলাম কীভাবে না খেয়ে বেঁচে ছিলেন তা বিস্তারিত তুলে ধরা হয়। বার্তা সংস্থা এএফপি, এপি, সিনহুয়ার বরাত দিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম দীন ইসলামকে নিয়ে প্রতিবেদন ছাপায়। ১৪ এপ্রিল অস্ট্রেলিয়ার হেরাল্ড সান পত্রিকা, পাকিস্তানের ডন দীন ইসলামকে নিয়ে প্রতিবেদন ছাপে। সিঙ্গাপুরে আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর গত ২০ অক্টোবর দেশে ফেরেন দীন ইসলাম। দেশে ফেরার পরও সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলগুলো দীন ইসলামকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। দীন ইসলাম এখন কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন। দেশে ফিরে তিনি প্রথম আলোকে বলেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না, কীভাবে নয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে গেলাম।’