‘কন্যাশিশুর অগ্রগতি, বাংলাদেশের সমৃদ্ধি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের পেছন থেকে ভেসে আসছিল ঘুঙুর-চুড়ির শব্দ, একটু পেছনে গিয়ে দেখা গেল আট-দশজন কিশোর-কিশোরীর একটা দল। কেউ খোঁপার ফুল ঠিক করছে, কেউ বা কপালের টিকলি। সবার চোখেমুখেই আনন্দের ঝিলিক। গত রোববার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছিল অন্য রকম একটা দিন। ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’-১২ উপলক্ষে সিএসপিবি প্রকল্প অপরাজেয়-বাংলাদেশ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে কিশোরীদের নিয়ে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।বিকেল তিনটায় ‘ময়না ছলাৎ ছলাৎ চলেরে..’, ‘ফাগুনের মোহনায় মনমাতানো মহুয়ায়’ দুটি মনমাতানো গানের সঙ্গে কিশোরীদের জমজমাট নাচ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। মিলনায়তন পূর্ণ হয়ে ওঠে নগরের ১০টি বস্তি এলাকার ২৬০ জন কিশোরীর উপস্থিতিতে।ব্যতিক্রমী এই অনুষ্ঠানের মতবিনিময় পর্বে সভাপতিত্ব করে কিশোরী সুমি আক্তার। প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর রেহানা কবীর। বিশেষ অতিথি ছিলেন লেখিকা আনোয়ারা আলম, অধ্যাপক হাসান জাকারিয়া, শিক্ষক আয়েশা খাতুন ও ইউনিসেফের ‘চাইল্ড প্রটেকশন’ কর্মকর্তা শায়লা পারভীন।আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল ‘কন্যাশিশুর অগ্রগতি, বাংলাদেশের সমৃদ্ধি’। শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী মাহবুব-উল-আলম। তিনি কন্যা দিবস উদ্যাপনের প্রেক্ষাপট তুলে ধরেন। এরপর বক্তব্য দেন এডুকেশন সুপারভাইজার চন্দন কুমার বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর রেহেনা কবির বলেন, পরিবারের ছেলেমেয়েদের আলাদা করে দেখার কোনো সুযোগ নেই, শারীরিক বৈশিষ্ট্য কোনোভাবে উন্নয়নের অন্তরায় হতে পারে না। আজকের কিশোরী আগামী সময়ে মা হবে, সেজন্য জীবন ও জীবিকার জন্য তাকে দক্ষ করে গড়ে তুলতে হবে, তা হলেই জাতি অর্থনৈতিক মুক্তি পাবে, সমৃদ্ধ হবে বাংলাদেশ।প্রধান আলোচক আনোয়ারা আলম বলেন, ‘দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনি, নিয়ে যাবে তখনি’ এই উক্তির মাধ্যমে কন্যাশিশুকে শৈশব থেকে এভাবেই বিয়ের জন্য প্রস্তুত করা হয়। শুধু বিয়ের জন্য কন্যাশিশুর জন্ম হয়নি। ছেলেরাও বিয়ে করে। একটা মানুষের জীবনে বিয়েই সব কিছু হতে পারে না। এক দিন কন্যাশিশু দিবস পালন করলে হবে না, কন্যাকে কন্যা হিসেবে না দেখে শিক্ষায়, দক্ষতায় এবং জ্ঞানে পরিপূর্ণ মানুষে পরিণত করতে পারলেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন সফল হবে। কিশোরী প্রতিনিধির পক্ষ থেকে বক্তব্য দেয় বৈশাখী দাশ, সামিরা আক্তার, পারভীন আক্তার, প্রিয়া আক্তার। তারা কন্যাশিশুদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে বড়দের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বলেছে। আলোচনা সভা শেষে সানোয়ারা বেগমের সঞ্চালনায় কিশোরী শিল্পীরা পরিবেশন করেছে মনকাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান।