'কবিতা শোণিতে স্বপ্নের ধ্বনিতে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পীদের কণ্ঠে মধ্যযুগের বৈষ্ণব পদাবলী থেকে বর্তমান সময়ের প্রেমের কবিতা। ছিল চট্টগ্রামের নানা সময়ের কবিদের কবিতাও। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৩০ জন কবির ৩০টি কবিতা নিয়ে ‘কবিতা শোণিতে স্বপ্নের ধ্বনিতে’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে তারুণ্যের উচ্ছ্বাস।
নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে আবৃত্তি করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। অনুষ্ঠান উদ্বোধন করেন রাজনীতিক মফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি জিন্নাহ চৌধুরী।
শুরুতে মুজাহিদুল ইসলামের কণ্ঠে মধ্যযুগের কবি চণ্ডীদাশের কবিতা ‘বহুদিন পরে’।
এরপর সুমি বিশ্বাস কাজী নজরুল ইসলামের ‘গানের আড়াল’ ও শান্তা সাহা শামসুর রাহমানের ‘কেউ কি এখন’ আবৃত্তি করেন।
তাঁদের পরিবেশনা ছিল বেশ উপভোগ্য। একে একে আবৃত্তি করেন অনুপ বড়ুয়া, শ্রাবণী দাশগুপ্তা, রাতুল হাসান, বৈশাখী নাথ, বাপ্পা বড়ুয়া, ইভা চৌধুরী, তন্ময় আচার্য, বিজয় কর, শামীমা ইয়াসমিন, প্রান্তিকা সাহা, সৌরভি নাথ, কাজী গোলাম কিবরিয়া, নাছের উদ্দীন, সাইদুর রহমান, রেজাউল করিম, শ্রাবণী পাল, নোটন কান্তি বিশ্বাস, নূর আলম, মো. নাজিমুজ্জামান, সুস্মিতা দত্ত, ইভা সাহা, মিথিলা হক, মিঠু তলাপাত্র, আল তুষি, মোয়াজ্জেম হোসেন, সুনন্দা রায় ও মিসবাহুন নিসা।